iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

তকসাপাড়ায় পুলিশের হানা, ১৪৮ কেজি গাঁজাসহ ধরা বাড়ির মালিক

মেলাঘর, মে : গভীর গোপন খবর, রাতভর নজরদারি, তারপর হঠাৎ পুলিশের অতর্কিত হানা। আর সেই অভিযানে ড্রামের ভেতর থেকে বেরিয়ে এল মাদকের পাহাড়! সিপাহীজলা জেলার মেলাঘর থানার তকসাপাড়া মনিরাম এলাকায় যৌথ অভিযানে উদ্ধার হলো ১৪৮ কেজি শুকনো গাঁজা। এই ঘটনায় আটক করা হয়েছে বাড়ির মালিক বসিরাই দেববর্মাকে। উদ্ধার হওয়া গাঁজার কালোবাজারি মূল্য কয়েক লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ত্রিপুরা পুলিশের গোয়েন্দা শাখার কাছে নির্ভরযোগ্য তথ্য আসে যে তকসাপাড়ার একটি বাড়িতে বিপুল পরিমাণ গাঁজা মজুত করে রাখা হয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই নড়েচড়ে বসে প্রশাসন। মেলাঘর থানার পুলিশ, স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) এবং ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর)-এর একটি বিশেষ দল পরিকল্পনা করে অভিযানে নামে।

শনিবার দুপুরে বাহিনী ঘিরে ফেলে বসিরাই দেববর্মার বাড়ি। প্রথমে কিছুই বোঝা যায়নি। কিন্তু বাড়ির ভেতরে তল্লাশি চালাতেই চোখ কপালে ওঠে তদন্তকারীদের। একাধিক বড় ড্রামের ভেতর সুচারুভাবে লুকিয়ে রাখা ছিল শুকনো গাঁজা। একের পর এক ড্রাম খুলতেই বেরিয়ে আসে মাদকের বিশাল মজুত।

ওজন করে দেখা যায়, উদ্ধার হওয়া গাঁজার মোট পরিমাণ ১৪৮ কেজি। এত বিপুল পরিমাণ গাঁজা কোথায় পাচার করার পরিকল্পনা ছিল, কারা এর সঙ্গে যুক্ত, এবং এর পেছনে কোনও বড় মাদকচক্র রয়েছে কি না—তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

ঘটনাস্থল থেকেই আটক করা হয় বাড়ির মালিক বসিরাই দেববর্মাকে। পরে তাঁকে এবং উদ্ধার হওয়া গাঁজা মেলাঘর থানায় নিয়ে যাওয়া হয়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

মেলাঘর থানার ইন্সপেক্টর সুবীর সাহা জানান, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা এই বিশেষ অভিযান চালাই। তল্লাশিতে ১৪৮ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। এর আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় চার লক্ষ টাকার কাছাকাছি। নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।”

এই চাঞ্চল্যকর অভিযানের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বহু মানুষ ঘটনাস্থলে ভিড় জমান। স্থানীয় বাসিন্দারা পুলিশের দ্রুত ও সাহসী পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, মাদককারবারীদের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান নিয়মিত হওয়া উচিত।

ত্রিপুরায় মাদকবিরোধী লড়াইয়ে এই অভিযানকে বড় সাফল্য হিসেবে দেখছে পুলিশ প্রশাসন। তদন্তকারীদের ধারণা, এই ঘটনার সূত্র ধরে আরও বড় মাদকচক্রের হদিস মিলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *