টিটিএএডিসিতে স্বচ্ছতা ও উন্নয়নের প্রতিশ্রুতি সিইএম রুনিয়েল দেববর্মার
আগরতলা, ৬ মে : ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-তে নতুন অধ্যায়ের সূচনা হল তরুণ নেতৃত্বের হাত ধরে। বুধবার খুমুলুঙের নুয়াই অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে টিটিএএডিসি-র মুখ্য কার্যনির্বাহী সদস্য (সিইএম) হিসেবে শপথ গ্রহণ করেন তিপ্রা মথার তরুণ নেতা রুনিয়েল দেববর্মা। তিনি ১৪ বোধজংনগর-ওয়াক্কিনগর নির্বাচনী কেন্দ্র থেকে রেকর্ড ভোটে জয়ী হয়ে এই পদে অধিষ্ঠিত হন।
একই অনুষ্ঠানে টিটিএএডিসি-র নতুন চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেন ভব রঞ্জন রিয়াং। এছাড়াও একমাত্র এমডিসি হিসেবে শপথ নেন সিকে জমাতিয়া। রাজ্য সরকারের আইন সচিব শংকরী দাস তাঁদের শপথ বাক্য পাঠ করান।
শপথ গ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নবনিযুক্ত সিইএম রুনিয়েল দেববর্মা জানান, সীমিত আর্থিক ক্ষমতার মধ্যেও স্বচ্ছতা বজায় রেখে টিটিএএডিসি এলাকার সার্বিক উন্নয়নে তিনি কাজ করে যাবেন। তিনি বলেন, “টিটিএএডিসি-র মানুষের উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য। আর্থিক সীমাবদ্ধতা থাকলেও উন্নয়নের কাজ থেমে থাকবে না।”
টিটিএএডিসির আর্থিক ক্ষমতা বৃদ্ধি প্রসঙ্গে তিনি জানান, মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারের কাছে এ বিষয়ে দাবি জানানো হবে, যাতে কাউন্সিলের উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও গতি পায়।
ভাষা ও সংস্কৃতির বিকাশের বিষয়েও গুরুত্বারোপ করে সিইএম বলেন, ককবরক ভাষার উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। তিনি জানান, এদিন ককবরক ভাষায় শপথ গ্রহণ করা হয়েছে এবং ধীরে ধীরে টিটিএএডিসিতে ককবরক ভাষার রোমান হরফ চালু করার পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে, সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে রুনিয়েল দেববর্মা জানান, বর্তমান টিটিএএডিসিতে বিজেপি-র চারজন সদস্য নির্বাচিত হলেও তাঁরা এখনও এমডিসি হিসেবে শপথ গ্রহণ করেননি। তিনি তাঁদের অবিলম্বে শপথ গ্রহণ করার আহ্বান জানান, যাতে কাউন্সিলের কাজকর্ম নির্বিঘ্নে এগিয়ে নিয়ে যাওয়া যায়।
