iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

ত্রিপুরায় জাতীয় লোক আদালত অনুষ্ঠিত, নিষ্পত্তির জন্য উঠল ২৫ হাজারেরও বেশি মামলা

আগরতলা, মে : সারা দেশের পাশাপাশি শনিবার ত্রিপুরায়ও অনুষ্ঠিত হল চলতি বছরের দ্বিতীয় জাতীয় লোক আদালত। দ্রুত, সহজ এবং স্বল্প ব্যয়ে বিচারপ্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে আয়োজিত এই লোক আদালতে রাজ্যের বিভিন্ন আদালতে মোট ৪৬টি বেঞ্চ গঠন করা হয়। এদিন মোট ২৫ হাজার ৫১৪টি বিভিন্ন ধরনের মামলা শুনানি ও নিষ্পত্তির জন্য তোলা হয়।

ত্রিপুরা স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটির সহকারী সচিব রাজর্ষি চক্রবর্তী এদিন এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, জাতীয় লোক আদালতের মাধ্যমে বিচারাধীন বহু মামলার দ্রুত নিষ্পত্তি সম্ভব হয়, ফলে আদালতের ওপর মামলার চাপ যেমন কমে, তেমনি সাধারণ মানুষও দীর্ঘসূত্রিতা ছাড়াই আইনি প্রতিকার লাভ করেন।

তিনি জানান, এদিন নিষ্পত্তির জন্য তোলা মামলাগুলির মধ্যে ছিল ট্রাফিক চালান সংক্রান্ত মামলা, ব্যাংক ঋণ সংক্রান্ত বিরোধ, দেওয়ানি বিবাদ, পারিবারিক সমস্যা এবং আপসযোগ্য ফৌজদারি মামলা। সংশ্লিষ্ট পক্ষগুলির পারস্পরিক আলোচনার মাধ্যমে এসব মামলার সমাধানের উদ্যোগ নেওয়া হয়।

ত্রিপুরা স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটির তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই লোক আদালতে বিচারক, আইনজীবী, ব্যাংক প্রতিনিধি, সরকারি আধিকারিক এবং সাধারণ মানুষ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বিচারপ্রার্থীদের মধ্যে এদিন ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।

উল্লেখ্য, চলতি বছরে প্রথম জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয়েছিল ১৪ মার্চ। আগামী ১২ সেপ্টেম্বর তৃতীয় জাতীয় লোক আদালত এবং ৬ ডিসেম্বর চতুর্থ ও শেষ জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে।

আইন বিশেষজ্ঞদের মতে, জাতীয় লোক আদালত শুধুমাত্র মামলা নিষ্পত্তির একটি কার্যকর পদ্ধতিই নয়, এটি বিচারব্যবস্থাকে আরও মানবিক, সহজলভ্য এবং জনমুখী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *