iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে সাম্প্রদায়িক উস্কানির অভিযোগ, কমিশনে তিপ্রা মথার স্মারকলিপি

আগরতলা, ১৯ সেপ্টেম্বর : টিটিএএডিসি নির্বাচনের পর এবার ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখেও জনজাতিদের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ তুলল তিপ্রা মথা। মগ ও চাকমা সম্প্রদায়কে ঘিরে ‘বাংলাদেশি চাকমা এবং মগ গো ব্যাক’—এর মতো উস্কানিমূলক স্লোগান এবং তিপ্রা মথা দলের পতাকা ও ফেস্টুন ব্যবহার করে প্রচারের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শনিবার রাজ্য নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি প্রদান করল তিপ্রা মথা।

তিপ্রা মথার অভিযোগ, টিটিএএডিসি-র ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের একাংশ জনজাতিদের মধ্যে দীর্ঘদিনের ঐক্য ও সম্প্রীতি নষ্ট করার খেলায় মেতেছে। বিশেষ করে মগ ও চাকমা সম্প্রদায়কে কেন্দ্র করে সাম্প্রদায়িক বিভাজন তৈরির চেষ্টা চলছে বলে দাবি দলটির। অভিযোগ, এই প্রচারে তিপ্রা মথার ফ্ল্যাগ ও ফেস্টুন ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি সামাজিক মাধ্যমেও ‘বাংলাদেশি চাকমা এবং মগ গো ব্যাক’ স্লোগান ছড়িয়ে দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই বিভিন্ন মহলে উদ্বেগ তৈরি হয়েছে বলে দাবি তিপ্রদ মথার।

এই পরিস্থিতিতে উস্কানিমূলক প্রচারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে শনিবার রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তিপ্রা মথা। এদিন দলের প্রতিনিধিদল কমিশনের কাছে একটি স্মারকলিপি জমা দেয়। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন তিপ্রা মথার যুব সংগঠনের রাজ্য সভাপতি তথা এমডিসি সুরজ দেববর্মা। তাঁর সঙ্গে ছিলেন টিআইএসএফ টাউন কমিটির কনভেনার অমৃত রিয়াং, টিডব্লিউএফ-এর দক্ষিণ জেলা সভানেত্রী স্বপ্নাতি রিয়াং সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।

ডেপুটেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমডিসি সুরজ দেববর্মা বলেন, সদ্য সমাপ্ত টিটিএএডিসি নির্বাচনেও একই ধরনের সাম্প্রদায়িক উস্কানির খেলা দেখা গিয়েছিল। সেই সময়ও জনজাতিদের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। এবার ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে ফের একই ধরনের প্রচার শুরু হয়েছে বলে দাবি তাঁর।

সুরজ দেববর্মার বক্তব্য, জনজাতিদের ঐক্য নষ্ট করার উদ্দেশ্যে এই ধরনের উস্কানিমূলক প্রচার চালানো হচ্ছে। তবে টিটিএডিসি নির্বাচনের সময়ও এই ধরনের সাম্প্রদায়িক প্রচার কোনও কাজে আসেনি এবং ভিলেজ কমিটির নির্বাচনেও তা সফল হবে না বলে দাবি করেন তিনি।

তিপ্রা মথা নেতৃত্বের অভিযোগ, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া প্রচারের ফলে সাধারণ মানুষের মধ্যেও বিভ্রান্তি ও আতঙ্ক তৈরি হতে পারে। নির্বাচনের পরিবেশ যাতে কোনওভাবেই উত্তপ্ত না হয় এবং কোনও সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচার ছড়িয়ে পড়তে না পারে, সে বিষয়ে নির্বাচন কমিশনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন বলেও দাবি জানানো হয়।

এদিন ডেপুটেশনের সময় সংশ্লিষ্ট বিষয়ে একটি ভিডিও ক্লিপিংও রাজ্য নির্বাচন কমিশনের হাতে তুলে দেন তিপ্রা মথা নেতৃত্ব। ওই ভিডিওতে যে ধরনের প্রচার করা হচ্ছে, তার যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে নির্বাচনের আগে সামাজিক মাধ্যমে বিদ্বেষমূলক বা উস্কানিমূলক প্রচারের উপর নজরদারি বাড়ানোরও দাবি জানিয়েছে দলটি।

ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে জনজাতিদের মধ্যে সম্প্রীতি ও ঐক্য বজায় রাখার পাশাপাশি কোনও সম্প্রদায়কে নিশানা করে প্রচার বন্ধে প্রশাসন ও নির্বাচন কমিশনকে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে তিপ্রা মথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *