iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

বনমালীপুরের দুই পুকুর সংস্কারে উদ্যোগ, দখলমুক্ত করার আশ্বাস মেয়রের

আগরতলা, ২২ সেপ্টেম্বর : দীর্ঘদিনের দাবি মেনে বনমালীপুরের জোড়া পুকুর এবং বিদ্যুৎ অফিস সংলগ্ন পুকুর সংস্কারের উদ্যোগ নিল আগরতলা পুর নিগম। মঙ্গলবার সংশ্লিষ্ট দুটি জলাশয় পরিদর্শন করে সংস্কার কাজ শুরুর কথা জানালেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। তিনি জানান, জোড়া পুকুরের সংস্কারের জন্য চলতি মাসের মধ্যেই টেন্ডার ডেকে কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হবে। একইসঙ্গে জলাশয়ের কোনও অংশ দখল হয়ে থাকলে তা চিহ্নিত করে দখলমুক্ত করারও উদ্যোগ নেওয়া হবে।

এদিন প্রথমে বনমালীপুরের বিদ্যুৎ অফিস সংলগ্ন পুকুর পরিদর্শনে যান মেয়র দীপক মজুমদার। দীর্ঘদিন ধরেই এই জলাশয়টি সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন এলাকার বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ ও পরিদর্শনের সময় পরিস্থিতি খতিয়ে দেখে মেয়র জানতে পারেন, জলাশয়ের কিছুটা অংশ দখল হয়ে রয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দেন তিনি।

এদিন মেয়রের সঙ্গে ছিলেন বিজেপি নেতৃত্ব সন্তোষ সাহা, আগরতলা পুর নিগমের ২১ ও ২২ নম্বর ওয়ার্ডের কর্পোরেটরসহ অন্যান্যরা। জলাশয়ের বর্তমান অবস্থা খতিয়ে দেখার পাশাপাশি এর সংস্কার ও সৌন্দর্যায়নের সম্ভাব্য দিক নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন মেয়র।

এরপর বনমালীপুরের জোড়া পুকুর পরিদর্শনে যান দীপক মজুমদার। সেখানে তাঁর সঙ্গে ছিলেন আগরতলা প্রেসক্লাবের সভাপতি প্রণব সরকারসহ অন্যান্যরা। দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা এই জলাশয়ের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি। পরিদর্শন শেষে মেয়র জানান, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে জোড়া পুকুরের সংস্কার করা হবে। চলতি মাসের মধ্যেই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে সংস্কারের কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

মেয়র আরও জানান, শুধু সংস্কার নয়, জলাশয়ের জমি দখল হয়ে থাকলে সেটিও খতিয়ে দেখা হবে। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। জলাশয়গুলি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি এলাকার পরিবেশ ও নাগরিক পরিষেবার মান উন্নয়নের উপরও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

পুর নিগম সূত্রে জানা যায়, বিজেপি পরিচালিত পুর নিগমের দায়িত্ব গ্রহণের পর এখনও পর্যন্ত শহরের প্রায় ১৭টি জলাশয়ের সংস্কার করা হয়েছে। এর পাশাপাশি বেশ কয়েকটি জলাশয় দখলমুক্ত করার উদ্যোগও নেওয়া হয়েছে। শহরের পরিবেশগত ভারসাম্য বজায় রাখা, জলাশয় সংরক্ষণ এবং আগরতলাকে আরও পরিচ্ছন্ন রাখার লক্ষ্যেই এই ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে পুর নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে।

বনমালীপুরের দুই গুরুত্বপূর্ণ জলাশয়ের সংস্কারের উদ্যোগে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে। এখন কবে নাগাদ টেন্ডার প্রক্রিয়া শেষ করে বাস্তবে সংস্কার কাজ শুরু হয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *