ত্রিপুরায় ১৪টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা
আগরতলা, ৮ সেপ্টেম্বর : ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা সোমবার আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানে ১৪টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন এবং আরও পাঁচটি প্রকল্পের শিলান্যাস করেন। এর মধ্যে রয়েছে ১০০ আসন বিশিষ্ট কর্মজীবী মহিলাদের হোস্টেল এবং ডায়েটের জন্য ৫০ আসন বিশিষ্ট হোস্টেল।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার রাজ্যের অবকাঠামোগত উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। তিনি আরও বলেন, সরকার ইতিমধ্যেই রাজ্যের বাজেট বৃদ্ধি করেছে। অবকাঠামোর উন্নয়ন ছাড়া আগামীদিনে জনগণকে নানা সমস্যার সম্মুখীন হতে হবে।
মুখ্যমন্ত্রী এদিন আরও উল্লেখ করেন, বর্তমান সরকার সর্বাঙ্গীণ উন্নয়নের জন্য কাজ করছে—যার মধ্যে নারী ও শিশুদের কল্যাণও অন্তর্ভুক্ত।
অনুষ্ঠানে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দফতরের মন্ত্রী টিংকু রায়, দফতরের সচিব তাপস রায়, অধিকর্তা তপন কুমার দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
