১৪ ফেব্রুয়ারি ত্রিপুরা বার কাউন্সিল নির্বাচন, ১১ আসনে ভোট
আগরতলা, ১১ ফেব্রুয়ারি : আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বার কাউন্সিল অফ ত্রিপুরার সাধারণ নির্বাচন। মোট ১৫টি আসনের মধ্যে ১১টি আসনে ভোটগ্রহণ হবে এবং এই আসনগুলিতে ১৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন মোট ১,৬৭১ জন ভোটার।
নির্বাচনের দিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোটকে কেন্দ্র করে আগরতলা হাইকোর্ট চত্বরে সাতটি পোলিং স্টেশন করা হয়েছে। পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলায় আরও আটটি পোলিং বুথ স্থাপন করা হবে। বুধবার ত্রিপুরা হাইকোর্টে সাংবাদিক সম্মেলন করে এই তথ্য জানান নির্বাচনের রিটার্নিং অফিসার তথা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এস. সি. দাস।
তিনি জানান, প্রত্যেক ভোটারকে প্রথম পছন্দ (ফার্স্ট প্রেফারেন্স) ভোট দিতেই হবে এবং অন্তত পাঁচটি করে পছন্দক্রম অনুযায়ী ভোট প্রদান বাধ্যতামূলক। বার কাউন্সিলের মোট ১৫টি আসনের মধ্যে একটি আসন বার কাউন্সিল অফ ইন্ডিয়ার জন্য সংরক্ষিত থাকায় সেখানে ভোট হবে না। এছাড়া সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ৩০ শতাংশ মহিলা প্রতিনিধিত্ব নিশ্চিত করতে তিনটি আসন সংরক্ষিত রাখা হয়েছে এবং ওই তিনটি আসনে মহিলা প্রার্থীরা ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে বাকি ১১টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। ১১টি আসনের জন্য মোট ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২১ ফেব্রুয়ারি ভোট গণনা অনুষ্ঠিত হবে।
বার কাউন্সিলের নির্বাচন ঘিরে আইনজীবী মহলে ইতিমধ্যেই জোর আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য চেয়ারম্যান কে হবেন, কোন প্যানেল বা গোষ্ঠী কত আসনে জয়ী হবে—তা নিয়েই এখন আদালত চত্বর সরগরম।
