iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
National

রাজ্যসভা নির্বাচনে মীনাক্ষীর মনোনয়ন খারিজের প্রতিবাদে সরব কংগ্রেস

ভোপাল, ১০ জুন : মধ্যপ্রদেশের রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিলকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে উঠেছে। ভোপাল থেকে দিল্লি পর্যন্ত কংগ্রেস নেতারা প্রতিবাদে সরব হয়েছেন। মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে কংগ্রেস।

মঙ্গলবার বিজেপির পক্ষ থেকে মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র নিয়ে আপত্তি তোলা হয়। বিজেপির অভিযোগ, হায়দরাবাদের একটি আদালতে বিচারাধীন পুরনো মামলার তথ্য তিনি তাঁর হলফনামায় উল্লেখ করেননি। অভিযোগের ভিত্তিতে রিটার্নিং অফিসার অরবিন্দ শর্মা কংগ্রেস প্রার্থীকে কারণ দর্শানোর নোটিস জারি করে এদিন বিকেল সাড়ে ৫টা পর্যন্ত জবাব দেওয়ার সময় দেন।

নির্ধারিত সময়ের মধ্যে কংগ্রেসের পক্ষ থেকে ব্যাখ্যা জমা দেওয়া হলেও তাতে সন্তুষ্ট হননি রিটার্নিং অফিসার। বিজেপির আপত্তি গ্রহণ করে শেষ পর্যন্ত মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

এই সিদ্ধান্তের প্রতিবাদে ভোপাল ও দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরের সামনে বিক্ষোভে সামিল হন কংগ্রেস নেতারা। ভোপালে কংগ্রেসের মধ্যপ্রদেশ বিষয়ক দায়িত্বপ্রাপ্ত নেতা হরিশ চৌধুরী, প্রদেশ কংগ্রেস সভাপতি জিতু পাটোয়ারি, বিধানসভায় বিরোধী দলনেতা উমং সিংহার-সহ একাধিক নেতা মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে পৌঁছন। দফতরের প্রবেশপথে বাধা পেয়ে তাঁরা বিক্ষোভ দেখান। পরে নির্বাচন কমিশনের দফতরের সামনে রাস্তায় অবস্থান শুরু করেন কংগ্রেস নেতারা। তাঁদের এই অবস্থান-বিক্ষোভ রাতভর চলতে থাকে।

ঘটনার জেরে কংগ্রেসের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করার কথা। প্রতিনিধি দলে রয়েছেন কে সি বেণুগোপাল, জয়রাম রমেশ, রণদীপ সিং সুরজেওয়ালা, শচীন পাইলট, ভূপেশ বাঘেল, দীপা দাসমুন্সি, বিবেক তনখা, মীনাক্ষী নটরাজন, মহম্মদ আলি খান এবং উমর হোদা। তাঁরা মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জানাবেন বলে কংগ্রেস সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *