iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

সিপাহীজলায় পুলিশের অভিযানে ধ্বংস ২ লক্ষ গাঁজার চারা

বক্সনগর, ২৯ জুলাই : সিপাহীজলা জেলায় ফের গাঁজা চাষের বিরুদ্ধে বড়সড় অভিযান চালাল ত্রিপুরা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। বুধবার দুপুরে ক্রাইম ব্রাঞ্চ, সিপাহীজলা জেলা পুলিশ এবং কলমচৌড়া থানার যৌথ উদ্যোগে কলমচৌড়া থানার অধীন মাণিক্যনগর এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে প্রায় ২ লক্ষ গাঁজার চারা সম্বলিত একটি বিশাল নার্সারি ধ্বংস করা হয়। পুলিশের দাবি, ধ্বংস করা চারাগুলোর আনুমানিক কালোবাজারি মূল্য ২৪ লক্ষ টাকা।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পাওয়ার পরই অভিযানের পরিকল্পনা করা হয়। বুধবার দুপুরে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী নিয়ে মাণিক্যনগর এলাকার বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। অভিযানের সময় বিস্তীর্ণ এলাকাজুড়ে অত্যন্ত পরিকল্পিতভাবে তৈরি করা একাধিক গাঁজা নার্সারির সন্ধান পান তদন্তকারী আধিকারিকরা।

জানা যায়, এক একরেরও বেশি জমিতে যত্ন সহকারে প্রায় ২ লক্ষ গাঁজার চারা রোপণ করা হয়েছিল। কয়েক মাসের মধ্যেই এই চারাগুলি পূর্ণাঙ্গ গাছে পরিণত হয়ে বিপুল পরিমাণ মাদক উৎপাদনের মাধ্যমে কোটি টাকার অবৈধ ব্যবসার উৎসে পরিণত হওয়ার আশঙ্কা ছিল। তবে পুলিশের দ্রুত পদক্ষেপে সেই পরিকল্পনা ভেস্তে যায়।

অভিযানের সময় ঘটনাস্থলেই সমস্ত গাঁজার চারা কেটে ফেলা হয় এবং পরে আগুন লাগিয়ে সম্পূর্ণ ধ্বংস করা হয়। পুলিশ জানিয়েছে, অবৈধ মাদক চাষের বিরুদ্ধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

অভিযানের পর সিপাহীজলা জেলার মাদক কারবারিদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ক্রাইম ব্রাঞ্চের জনৈক আধিকারিক জানান, রাজ্যকে সম্পূর্ণ মাদকমুক্ত করার লক্ষ্যে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। রাজ্যের যে কোনও প্রান্তে অবৈধ গাঁজা চাষ বা নার্সারির খবর পাওয়া মাত্রই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, এই অবৈধ গাঁজা নার্সারির সঙ্গে কারা জড়িত এবং এর নেপথ্যে থাকা মূল চক্রকে শনাক্ত করতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কলমচৌড়া থানার পুলিশ। অভিযানের পর এলাকায় নজরদারিও বাড়ানো হয়েছে। পুলিশের আশা, তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে এই মাদক চক্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *