iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

প্রযুক্তির সাহায্যে দেড় মাসে ২৬টি হারানো মোবাইল উদ্ধার পশ্চিম আগরতলা থানার

আগরতলা, ২৪ আগস্ট : হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে বড়সড় সাফল্য পেল পশ্চিম আগরতলা থানার পুলিশ। গত দেড় মাসে থানায় নথিভুক্ত হওয়া হারানো মোবাইল ফোনের অভিযোগের ভিত্তিতে প্রযুক্তির সাহায্যে ২৬টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মোবাইলগুলির প্রকৃত মালিকদের শনাক্ত করে সোমবার সেগুলি তাঁদের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বিভিন্ন সময়ে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার পর পশ্চিম আগরতলা থানায় অভিযোগ দায়ের করেছিলেন একাধিক ব্যক্তি। অভিযোগগুলি নথিভুক্ত করার পর সিআই পদ্ধতিতে প্রযুক্তিগত সহায়তা নিয়ে হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলির অবস্থান ও ব্যবহারের বিষয়ে নজরদারি চালানো হয়। সেই প্রক্রিয়াতেই ধাপে ধাপে ২৬টি মোবাইল ফোনের সন্ধান মেলে।

উদ্ধার করা মোবাইল ফোনগুলি সোমবার পশ্চিম আগরতলা থানায় আয়োজিত এক কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্ট প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। দীর্ঘদিন পর নিজেদের হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই আনন্দিত হয়ে ওঠেন মালিকরা। অনেকের কাছেই মোবাইল ফোনে থাকা ব্যক্তিগত তথ্য, গুরুত্বপূর্ণ নম্বর ও প্রয়োজনীয় নথির কারণে ফোনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশের এই সাফল্যের কথা জানান এসডিপিও পান্নালাল সেন। তিনি জানান, হারিয়ে যাওয়া মোবাইল ফোনের অভিযোগ পাওয়ার পর পুলিশ গুরুত্ব সহকারে বিষয়টি খতিয়ে দেখে। প্রযুক্তির ব্যবহার করে ফোনগুলির সন্ধান চালানো হয় এবং সেই প্রচেষ্টাতেই ২৬টি মোবাইল উদ্ধার করা সম্ভব হয়েছে।

পুলিশের এই উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে পুলিশের সক্রিয় ভূমিকা আগামী দিনে সাধারণ মানুষের আস্থা আরও বাড়াবে বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে মোবাইল ফোন হারিয়ে গেলে দ্রুত থানায় অভিযোগ জানানোর পাশাপাশি প্রয়োজনীয় তথ্য পুলিশকে দেওয়ার জন্যও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে পুলিশের তরফে।

পুলিশের এই সাফল্য শুধু হারানো মোবাইল ফোন ফেরত দেওয়ার ক্ষেত্রেই নয়, প্রযুক্তিনির্ভর তদন্ত ব্যবস্থার কার্যকারিতারও একটি উল্লেখযোগ্য উদাহরণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আগামী দিনেও একইভাবে প্রযুক্তিকে কাজে লাগিয়ে হারানো বা চুরি যাওয়া মোবাইল উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *