iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

জিবিপি হাসপাতালে রোগীর পরিজনকে মাটিতে ফেলে চুলের মুঠি ধরে টানাটানি, কাঠগড়ায় বেসরকারি মহিলা নিরাপত্তাকর্মীরা

আগরতলা, ৯ নভেম্বর : রোগীর পরিজনদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে ফের সংবাদ শিরোনামে উঠে এল রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিপি। এবার জনৈক রোগীর পরিজনকে মাটিতে ফেলে চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল হাসপাতালের বেসরকারি মহিলা নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে। সোমবার সকালে জিবিপি হাসপাতালের মেডিসিন ব্লকের সামনে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের এমন আচরণে ক্ষোভে ফেটে পড়েন উপস্থিত রোগীর পরিজন ও সাধারণ মানুষ। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার বিবরণে জানা গেছে, কয়েকদিন আগে পারিবারিক অশান্তির জেরে রাজধানীর চারিপাড়া এলাকার জনৈক শ্রমিক বিষপান করেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে জিবিপি হাসপাতালের মেডিসিন ব্লকে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে। সোমবার সকালে ওই রোগীর মেয়েকে হাসপাতালে রেখে তাঁর মাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এক যুবক হাসপাতালে আসেন। কিন্তু হাসপাতালের প্রবেশ ও নিরাপত্তা সংক্রান্ত নিয়মের কথা বলে রোগীর কাছে একজনের বেশি পরিজনকে যেতে দিতে রাজি হননি কর্তব্যরত বেসরকারি মহিলা নিরাপত্তাকর্মীরা।

এদিকে, রোগীর মেয়ে হাসপাতালে উপস্থিত থাকলেও তিনি তাঁর বাবার বেড নম্বর জানতেন না। তাই তাঁকে চিনিয়ে দেওয়ার জন্য ভাইয়ের পক্ষ থেকে বোনের সঙ্গে মাকেও ভেতরে যাওয়ার অনুমতি দেওয়ার অনুরোধ জানানো হয়। কিন্তু অভিযোগ, নিরাপত্তাকর্মীরা তাঁদের সেই অনুরোধে কর্ণপাত করেননি। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন ওই যুবক নিরাপত্তাকর্মীদের আচরণের প্রতিবাদ জানাতে নিজের মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করতে যান। অভিযোগ, সেই সময় নিরাপত্তাকর্মীরা তাঁর মোবাইল ফোনটি কেড়ে নেন। এরপর তাঁর বোনও গোটা ঘটনাটি মোবাইল ক্যামেরায় ধারণ করার চেষ্টা করেন। তখনই পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে।

অভিযোগ, প্রায় ৫-৬ জন বেসরকারি মহিলা নিরাপত্তাকর্মী একযোগে ওই তরুণীকে ঘিরে ধরেন এবং তাঁর কাছ থেকে মোবাইল ফোনটি কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এ নিয়ে শুরু হয় ধস্তাধস্তি। একপর্যায়ে ওই তরুণীকে মাটিতে ফেলে চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে নিয়ে যেতে শুরু করেন নিরাপত্তাকর্মীরা। হাসপাতাল চত্বরে উপস্থিত অন্যান্য মানুষ এই দৃশ্য দেখতে পেয়ে প্রতিবাদে সরব হন। তাঁদের সম্মিলিত প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত ওই তরুণীকে ছেড়ে দিতে বাধ্য হন নিরাপত্তাকর্মীরা।

ঘটনার পর তীব্র ক্ষোভ প্রকাশ করেন আক্রান্ত তরুণী। তাঁর অভিযোগ, উপস্থিত মানুষজন সময়মতো প্রতিবাদ না করলে তাঁকে আরও অনেকটা পথ মাটিতে ফেলে চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হতো। একজন অসুস্থ রোগীর পরিবারের সদস্য হিসেবে বাবার চিকিৎসার খোঁজ নিতে এসে তাঁকে এ ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হবে, তা তিনি কল্পনাও করেননি বলে জানান।

এদিকে, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসা প্রতিষ্ঠানে রোগীর পরিজনদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের এমন আচরণের তীব্র নিন্দা জানান প্রত্যক্ষদর্শী ও অন্যান্য রোগীর পরিজনরা। তাঁদের বক্তব্য, হাসপাতালের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা অবশ্যই জরুরি। কিন্তু সেই দায়িত্ব পালনের নামে রোগীর পরিজনদের সঙ্গে অমানবিক আচরণ কিংবা শারীরিক হেনস্তার কোনও সুযোগ নেই। নিয়ম বোঝানোর পরিবর্তে এভাবে একজন মহিলাকে মাটিতে ফেলে চুল ধরে টেনে নিয়ে যাওয়ার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক।

ঘটনাকে কেন্দ্র করে জিবিপি হাসপাতালের মেডিসিন ব্লক সংলগ্ন এলাকায় কিছুক্ষণের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। তবে হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা বেসরকারি কর্মীদের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। রোগীদের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করার কথা যে প্রতিষ্ঠানের, সেখানে রোগীর পরিজনদেরই যদি এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার দায়িত্ব কার—সেই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে।

ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি এই পূজার সঙ্গে জড়িয়ে রয়েছে নারীসম্মান ও নারীশক্তির প্রতি শ্রদ্ধা নিবেদনের গভীর বার্তা। নারীর মধ্যে নিহিত শক্তি, সৃষ্টিশীলতা ও মাতৃত্বের মহিমাকে সম্মান জানানোই কুমারী পূজার অন্যতম তাৎপর্য বলে মনে করেন উদ্যোক্তারা।

পূজা সম্পন্ন হওয়ার পর উপস্থিত হাজার হাজার ভক্ত কুমারী মায়ের আশীর্বাদ গ্রহণ করেন। সব মিলিয়ে দীপাবলির আবহে ইন্দ্রনগরের জয় মা কালী সন্তান সংঘের এই কুমারী পূজা ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি ও আধ্যাত্মিকতার এক বিশেষ পরিবেশ তৈরি করে। উল্লেখ্য, প্রতি বছর দীপাবলি উৎসবকে কেন্দ্র করে এই সংগঠনের উদ্যোগে কুমারী পূজার আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *