ডিউটিতে যোগ দিতে যাওয়ার পথে লরির ধাক্কায় গুরুতর আহত ফায়ার সার্ভিসের লিডিং ফায়ারম্যান
বিশ্রামগঞ্জ , ৯ নভেম্বর : ডিউটিতে যোগ দিতে যাওয়ার পথেই ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়লেন বিশ্রামগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মী। ১২ চাকার একটি বেপরোয়া লরির ধাক্কায় গুরুতরভাবে আহত হলেন ফায়ার সার্ভিসের লিডিং ফায়ারম্যান বুদ্ধ দেববর্মা। দুর্ঘটনায় তাঁর স্কুটিটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, ডিউটিতে যোগ দেওয়ার উদ্দেশ্যে স্কুটিতে করে কর্মস্থলের দিকে যাচ্ছিলেন বুদ্ধ দেববর্মা। সেই সময় বিশ্রামগঞ্জ–সোনামুড়া সড়কের চৌমুহনী এলাকায় একটি ১২ চাকার লরির সঙ্গে তাঁর স্কুটির সংঘর্ষ হয়। লরিটির নম্বর এনএল০১এল৪৬৪৯। লরির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন তিনি। একই সঙ্গে দুমড়ে-মুচড়ে ক্ষতিগ্রস্ত হয় তাঁর স্কুটিটি।
দুর্ঘটনার বিকট শব্দ শুনে আশপাশের স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁদের তৎপরতায় আহত বুদ্ধ দেববর্মাকে উদ্ধার করে দ্রুত বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। চিকিৎসার পর তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। বড়সড় দুর্ঘটনা ঘটলেও শেষ পর্যন্ত প্রাণে বেঁচে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন তাঁর পরিচিতজনেরা।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশ্রামগঞ্জ থানার পুলিশ। পুলিশ দুর্ঘটনায় জড়িত ১২ চাকার লরিটিকে আটক করে থানায় নিয়ে যায়। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।
উল্লেখ্য, বিশ্রামগঞ্জ এলাকায় সাম্প্রতিক সময়ে ছোট-বড় একাধিক সড়ক দুর্ঘটনার ঘটনা সামনে আসছে। বিশেষ করে বিশ্রামগঞ্জ–সোনামুড়া সড়কে যানবাহনের বেপরোয়া চলাচল নিয়ে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। দিনের পর দিন এ ধরনের দুর্ঘটনা ঘটতে থাকায় সড়ক নিরাপত্তা এবং যানবাহন নিয়ন্ত্রণের বিষয়টি নতুন করে প্রশ্নের মুখে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, সড়কে বেপরোয়া গতিতে ভারী যানবাহন চলাচলের ফলে সাধারণ পথচারী থেকে শুরু করে বাইক ও স্কুটি চালকদের জীবন প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়ছে। তাই দুর্ঘটনা রোধে নিয়মিত যানবাহন তল্লাশি, গতি নিয়ন্ত্রণ এবং ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা। অন্যথায় ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকার সচেতন মহল।
