৪০ বারেরও বেশি ডেপুটেশন, তবুও মিলল না লিখিত পরীক্ষার দিনক্ষণ! অনিশ্চয়তায় ২৪৯ জেল ওয়ার্ডার চাকরিপ্রার্থীরা
আগরতলা, ১০ নভেম্বর : প্রতিশ্রুতির অপেক্ষায় দিন গুনতে গুনতে কার্যত ধৈর্যের বাঁধ ভাঙছে ২৪৯টি জেল ওয়ার্ডার পদের চাকরিপ্রার্থীদের। নিয়োগ প্রক্রিয়ার প্রাথমিক ধাপ অর্থাৎ শারীরিক পরীক্ষা সম্পন্ন হওয়ার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও আজ পর্যন্ত অনুষ্ঠিত হয়নি লিখিত পরীক্ষা। ফলে বছরের পর বছর ধরে অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে সংশ্লিষ্ট চাকরিপ্রার্থীদের। লিখিত পরীক্ষা গ্রহণ করে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে ফের সরব হলেন তাঁরা। মঙ্গলবার পুনরায় কারা দফতরের আইজি-র কাছে ডেপুটেশন প্রদান করেন চাকরিপ্রার্থীদের প্রতিনিধি দল।
জানা গেছে, ২০২২ সালে রাজ্যের কারা দফতরে ২৪৯টি জেল ওয়ার্ডার পদে নিয়োগের লক্ষ্যে প্রাথমিকভাবে শারীরিক পরীক্ষা গ্রহণ করা হয়েছিল। সেই পরীক্ষায় অংশগ্রহণের পর দীর্ঘ প্রতীক্ষায় ছিলেন চাকরিপ্রার্থীরা। অবশেষে চলতি বছরের জানুয়ারি মাসে শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। তালিকা প্রকাশের পর স্বাভাবিকভাবেই পরবর্তী ধাপ হিসেবে লিখিত পরীক্ষার আয়োজন এবং নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হওয়ার প্রত্যাশা করেছিলেন পরীক্ষার্থীরা। কিন্তু তালিকা প্রকাশের পরও কেটে গেছে দীর্ঘ সময়। এখনও লিখিত পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
চাকরিপ্রার্থীদের অভিযোগ, লিখিত পরীক্ষা গ্রহণ এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে তাঁরা ইতিমধ্যেই ৪০ বারেরও বেশি সংশ্লিষ্ট দফতরের কাছে ডেপুটেশন প্রদান করেছেন। প্রতিবারই তাঁরা আশায় বুক বেঁধে দফতরের দ্বারস্থ হয়েছেন। কিন্তু এতবার আবেদন-নিবেদন জানানোর পরও সমস্যার কোনও সুরাহা হয়নি। এমনকি লিখিত পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, সে সম্পর্কেও কোনও সুস্পষ্ট উত্তর দিতে পারছে না জেল কর্তৃপক্ষ বলে অভিযোগ তাঁদের।
এদিকে, দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া ঝুলে থাকায় চরম হতাশা ও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন চাকরিপ্রার্থীরা। তাঁদের বক্তব্য, ২০২২ সালে নিয়োগ প্রক্রিয়ার জন্য শারীরিক পরীক্ষা গ্রহণ করা হয়েছে। এরপর চলতি বছরের জানুয়ারিতে উত্তীর্ণদের তালিকাও প্রকাশিত হয়েছে। তাহলে পরবর্তী ধাপের লিখিত পরীক্ষা গ্রহণে এত বিলম্ব কেন? নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রেখে দ্রুত লিখিত পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা এখন সময়ের দাবি।
মঙ্গলবারের ডেপুটেশনে চাকরিপ্রার্থীরা অবিলম্বে লিখিত পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করে পরীক্ষা গ্রহণ এবং সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার দাবি জানান। পাশাপাশি বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর জরুরি হস্তক্ষেপও দাবি করেছেন তাঁরা। তাঁদের আশা, মুখ্যমন্ত্রী বিষয়টিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পথ প্রশস্ত হবে।
একদিকে সরকারি দফতরে শূন্যপদ পূরণের প্রয়োজনীয়তা, অন্যদিকে চাকরির আশায় বছরের পর বছর অপেক্ষায় থাকা পরীক্ষার্থীদের অনিশ্চিত ভবিষ্যৎ—এই দুইয়ের মাঝে ২৪৯টি জেল ওয়ার্ডার পদের নিয়োগ প্রক্রিয়া এখন বড় প্রশ্নের মুখে। ৪০ বারেরও বেশি ডেপুটেশন দিয়েও যখন মিলছে না লিখিত পরীক্ষার নির্দিষ্ট দিনক্ষণ, তখন চাকরিপ্রার্থীদের একটাই প্রশ্ন, আর কতদিন অপেক্ষা করতে হবে তাঁদের?
