আগরতলা রেলস্টেশনে দেওঘর এক্সপ্রেসে উদ্ধার ৭ লক্ষাধিক টাকার ফেন্সিডিল
আগরতলা, ১৯ জুন : দেওঘর এক্সপ্রেস থেকে উদ্ধার ১৫৮০ বোতল ফেন্সিডিল। বুধবার রাতে দেওঘর থেকে ট্রেনটি আসার পর আগরতলা রেলস্টেশনে জিআরপি থানার পুলিশ ট্রেনে তল্লাশি চালিয়ে দাবিহীন এই ফেন্সিডিলগুলি উদ্ধার করে। উদ্ধারকৃত ফেন্সিডিলের কালোবাজারি মূল্য প্রায় ৭ লক্ষ ৯০ হাজার টাকা।
এবার আগরতলা রেলস্টেশন থেকে উদ্ধার হল প্রচুর পরিমাণ ফেন্সিডিল। বুধবার রাতে জিআরপি এবং আরপিএফ কর্মীরা দেওঘর এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে এই ফেন্সিডিল উদ্ধার করেন। ১৫৬২৫ নম্বরের দেওঘর এক্সপ্রেস ট্রেনটি বুধবার রাতে আগরতলা রেলস্টেশনের থামলে জিআরপি এবং আরপিএফ কর্মীরা ট্রেনটিতে তল্লাশি অভিযান চালান।
অভিযানে এই ফেন্সিডিলের বোতলগুলি উদ্ধার হয়। তবে এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। বৃহস্পতিবার আগরতলা রেলস্টেশনের জিআরপি থানার ওসি তাপস দাস এই সংবাদ জানান।
তিনি জানান, উদ্ধারকৃত ফেন্সিডিলের কালোবাজারি মূল্য প্রায় ৭ লক্ষ ৯০ হাজার টাকা। তাঁর মতে দেওঘর থেকে এগুলি আনা হয়েছে। আগরতলা রেলস্টেশন থেকে মাদক পাচারকারীরা এগুলি নিয়ে যাওয়ার কথা। কিন্তু পুলিশের সক্রিয়তায় পাচারকারীরা হয়তোবা স্টেশন চত্বর থেকে পালিয়ে যায়। ওসি আরও জানান, একটি মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
