কেরোসিনের স্টোভ বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু
আগরতলা, ২৭ জুন : কেরোসিনের স্টোভ বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু মহিলার। ঘটনাটি ঘটেছে রাজধানী আগরতলা শহরের কৃষ্ণনগরের ব্যানার্জি পাড়া এলাকায়। ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
কেরাসিনের স্টোভ বিস্ফোরণে ছড়িয়ে পড়া আগুনে দগ্ধ হয়ে মৃত্যু হল বৃদ্ধার। মৃতার নাম ভানুমতী আচার্জী। বয়স আনুমানিক ৮৫ বছর। ঘটনা শুক্রবার দুপুরে রাজধানীর কৃষ্ণনগরের ব্যানার্জি পাড়া এলাকায়।
জানা গিয়েছে, ওই এলাকার দীর্ঘদিনের বাসিন্দা ভানুমতী আচার্জী নিজ ঘরেই রান্না করে খাওয়া দাওয়া করতেন। প্রতিদিনের মত শুক্রবার নিজ ঘরে কেরোসিনের স্টোভে রান্না করছিলেন তিনি। এই সময় স্টোভ বিস্ফোরণ হয় এবং আগুন ছড়িয়ে পড়ে সারা ঘরে। এই আগুনেই দগ্ধ হন তিনি।
ঘটনার বিবরণ দিয়ে মৃতার পুত্রবধূ গোপা আচার্জী জানান, বিকট শব্দ শুনে শাশুড়ির ঘরে ছুটে এসে দেখেন দাউ দাউ করে আগুন জ্বলছে। তা দেখে খবর দেন ফায়ার সার্ভিস স্টেশনে। ততক্ষণে মৃত্যু হয় ভানুমতীর।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দমকল কর্মীরা। আগুন আয়ত্তে এনে অগ্নিদগ্ধ বৃদ্ধাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে হাসপাতালে পাঠান দমকল কর্মীরা।
এক দমকল কর্মীরা জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি। ঘটনাস্থলে যায় পশ্চিম আগরতলা থানার পুলিশ। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই মর্মান্তিক ঘটনায় কৃষ্ণনগরের ব্যানার্জি পাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
