বেআইনি মজুত বিস্তর পরিমাণে কাঠ বাজেয়াপ্ত চুড়াইবাড়িতে
চুড়াইবাড়ি, ২ জুলাই : আবারও সাফল্য পেল উত্তর জেলা বন দফতর। চুড়াইবাড়ি থানার অধীন উত্তর ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের ১নং ওয়ার্ড এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বেআইনি ভাবে মজুত রাখা কাঠ উদ্ধার করেন বন দফতরের কর্মীরা।
বুধবার দুপুরে গোপন খবরের ভিত্তিতে চুড়াইবাড়ি থানার অধীন উত্তর ফুলবাড়ি ১নং ওয়ার্ড এলাকার বাসিন্দা আজির উদ্দীনের বাড়িতে অভিযান চালায় বন দফতরের কর্মীরা। এই অভিযানের নেতৃত্বে ছিলেন উত্তর জেলার ধর্মনগর মহকুমার বন দফতরের রেঞ্জার সুপ্রিয় দেবনাথ, চুড়াইবাড়ি ফরেস্ট বিটের ইনচার্জ আশুতোষ মালাকার সহ অনান্যরা।
বন দফতরের এই অভিযানে প্রায় ২০০ ফুট কাঠ উদ্ধার করেন বনকর্মীরা আজির উদ্দীনের বাড়ি থেকে। উদ্ধার হওয়া কাঠের বাজার মূল্য প্রায় তিন লক্ষ টাকা হবে বলে জানান ধর্মনগর মহকুমার বন দফতরের রেঞ্জার সুপ্রিয় দেবনাথ।
তিনি আরও জানান, গোপন খবরের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে লুকিয়ে অবৈধভাবে মজুত করে রাখা হয়েছিল কাঠগুলি। যার বাজার মূল্য আনুমানিক তিন লক্ষাধিক টাকা বলে জানান তিনি। তবে এই ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি। যদিও বন আইনে একটি মামলা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।
