উদয়পুরে সাতসকালে ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক, এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে
উদয়পুর, ২৮ আগস্ট : সাতসকালে ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক। ঘটনা উদয়পুরের ফুলকুমারি এলাকায়। আহত যুবকের নাম সুজিত দে। ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
নেশাখোরদের আটক করার জন্য গোমতী জেলার রাধা কিশোর পুর থানার পুলিশ প্রতিদিন চেষ্টা চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার সকালে উদয়পুর ২নং ফুলকুমারির রাজমিস্ত্রী সুজিত দে কাজে যাওয়ার জন্য যখন প্রস্তুতি নিয়ে বাড়ি থেকে বের হয়ে ফুলকুমারি বাজারে আসা মাত্র ড্রপ গেইট এলাকার নেশাখোর বিপ্লব দাস হঠাৎ করে এসে সুজিতকে চর মেরে দেয়।
কেন চর মেরেছে এই কথা জিজ্ঞেস করায় বিপ্লব পকেট থেকে একটা ছুরি বের করে সুজিতের মাথায় আঘাত করে। আর এতে সুজিত রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে বাজারের লোকজন হাসপাতালে নিয়ে যায় সুজিতকে। সেখানে তার মাথায় চারটি সেলাই দেওয়া হয়। পরবর্তী সময়ে রাধা কিশোর পুর থানায় সুজিত বিপ্লবের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে।
