মহকুমাগুলিতে ফিজিওথেরাপিস্টদের সংগঠন চান মন্ত্রী টিংকু রায়
আগরতলা, ৮ আগস্ট : সোমবার বিশ্বজুড়ে পালিত হল ফিজিওথেরাপি দিবস। এই উপলক্ষে ত্রিপুরায়ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ব ফিজিওথেরাপি দিবস উদযাপন উপলক্ষে আগরতলায় এক অনুষ্ঠানের আয়োজন করে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট এর ত্রিপুরা রাজ্য শাখা।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া, যুব কল্যাণ ও সমাজ কল্যাণ দফতরের মন্ত্রী টিংকু রায়। এছাড়াও উপস্থিত ছিলেন পদ্মশ্রী দীপা কর্মকার, সংগঠনের মুখ্য উপদেষ্টা সুজিত রায় সহ অন্যান্যরা।
অনুষ্ঠানের উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিংকু রায় বলেন, রাজ্যে এখন পর্যন্ত চল্লিশ হাজারেরও অধিক দিব্যাঙ্গজনদের সরকারি স্বীকৃতিপত্র বা ইউআইডি কার্ড প্রদান করা হয়েছে। রাজ্যে সব মিলিয়ে ৭০ হাজারের মত দিব্যাঙ্গজন রয়েছেন। তিনি আরও বলেন, ফিজিওথেরাপিস্টদের সংগঠনগুলিকে জেলা এবং মহকুমা স্তরে ছড়িয়ে পড়া উচিত। কারণ একসময় খেলাধুলা রাজধানী আগরতলা কেন্দ্রিক ছিল। বর্তমানে বিজেপি শাসিত সরকার খেলাধুলাকে জেলা এবং মহকুমাতে ছড়িয়ে দেওয়ার প্রয়াস নিয়েছে। জেলা এবং মহকুমাগুলিতেও ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে।
এই প্রসঙ্গে উদাহরণ দিয়ে তিনি বলেন, রাজ্যে এখন ১৩টি সিন্থেটিক ফুটবল গ্রাউন্ড রয়েছে। এর মধ্যে আগরতলাতে কেবলমাত্র একটি সিন্থেটিক মাঠ রয়েছে। বাকি ১২টি মাঠ বিভিন্ন জেলা এবং মহকুমায় ছড়িয়ে রয়েছে। তাই জেলা এবং মহকুমাগুলিতে ফিজিওথেরাপিস্টদের সংগঠন থাকলে সেখানকার জনগণ উপকৃত হবেন বলে মনে করেন মন্ত্রী টিংকু রায়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাল্যবিবাহ রোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী টিংকু রায়। অনুষ্ঠানে বিভিন্ন দিব্যাঙ্গজনদের মধ্যে হুইলচেয়ার ও অন্যান্য সহায়ক সামগ্রী প্রদান করা হয়।
