আগরতলায় ‘বিকশিত ভারত জি-রাম-জি আইন ২০২৫’ সূচনা, ৫৪৬.৫৬ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন
আগরতলা, ১১ ফেব্রুয়ারি : ‘বিকশিত ভারত -জিরামজি আইন ২০২৫’ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা উপলক্ষ্যে বুধবার রাজধানী আগরতলায় জনপ্রতিনিধি সম্মেলন, গ্রামোন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও লাভার্থী সম্মাননা কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা, অর্থমন্ত্রী প্রণজিৎ সিং রায়, উচ্চশিক্ষা ও পঞ্চায়েত দফতরের মন্ত্রী কিশোর বর্মন, শিল্প ও বাণিজ্য দফতরের মন্ত্রী সান্ত্বনা চাকমা, পর্যটন ও পরিবহন দফতরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দফতরের মন্ত্রী টিংকু রায়, মৎস্য দফতরের মন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্যরা।
কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান বক্তব্য রাখতে গিয়ে বলেন, স্বামী বিবেকানন্দ, যার প্রকৃত নাম নরেন্দ্রনাথ দত্ত, ভারতকে একদিন ‘বিশ্বগুরু’ হিসেবে দেখার স্বপ্ন দেখেছিলেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী উত্তর-পূর্বাঞ্চলকে ‘অষ্টলক্ষ্মী’ হিসেবে অভিহিত করেছেন এবং ত্রিপুরায় উন্নয়নের বিপুল সম্ভাবনা রয়েছে। নতুন প্রকল্পটি আগামী দিনে গ্রামীণ উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ রোডম্যাপ হিসেবে কাজ করবে বলেও তিনি মত প্রকাশ করেন।
মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা বলেন, গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা এবং সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতেই কেন্দ্রীয় সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে। এর ফলে সাধারণ মানুষের প্রকৃত উন্নয়ন হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
এদিন বিভিন্ন প্রকল্পের মোট ৫৪৬.৫৬ কোটি টাকার কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এর মধ্যে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের জন্য ১০৩.৮৪ কোটি টাকা বরাদ্দ রয়েছে। পাশাপাশি বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠান উপলক্ষে কৃষি ও কৃষক কল্যাণ দফতর, ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনসহ বিভিন্ন বিভাগের উদ্যোগে প্রদর্শনী স্টলও খোলা হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
