iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

ধর্মঘটের সমর্থনে আগরতলায় পিকেটিং, কেন্দ্রের শ্রম নীতির বিরুদ্ধে মানিক সরকারের আক্রমণ

আগরতলা, ১২ ফেব্রুয়ারি : দেশের দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা ভারত ধর্মঘটের সমর্থনে বৃহস্পতিবার আগরতলায় পিকেটিং ও বিক্ষোভ মিছিলের মাধ্যমে প্রতিবাদ কর্মসূচি পালন করল সিআইটিইউ রাজ্য শাখা সহ বিভিন্ন শ্রমিক ও কৃষক সংগঠন। রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকেই ধর্মঘট সমর্থকদের কর্মসূচি ঘিরে উত্তেজনা লক্ষ্য করা যায়।

পিকেটিং কর্মসূচিতে অংশ নেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বর্তমান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে, সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত সহ বামফ্রন্ট ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে একটি বিক্ষোভ মিছিলও করা হয়।

এদিন ধর্মঘটের সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার অভিযোগ করেন, মালিকপক্ষের স্বার্থ রক্ষা করতে কেন্দ্রের বিজেপি সরকার শ্রম আইন ও শ্রম কোড প্রণয়ন করে শ্রমিকদের অধিকার সংকুচিত করেছে। তাঁর দাবি, নতুন আইনগুলির ফলে পুঁজিপতিদের সুবিধা বাড়ানো হচ্ছে এবং শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। একইসঙ্গে তিনি বলেন, কৃষি ও কৃষক ইতিমধ্যেই সংকটে রয়েছে, আন্তর্জাতিক বাণিজ্যিক চুক্তির ফলে পরিস্থিতি আরও জটিল হতে পারে—এই আশঙ্কা থেকেই ধর্মঘটের ডাক সমর্থন করা হয়েছে।

বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীও জানান, শ্রমিক শ্রেণীকে কর্পোরেট শক্তির অধীনস্থ করার প্রচেষ্টার বিরুদ্ধে দেশব্যাপী এই প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে।

সিআইটিইউ ও অন্যান্য শ্রমিক-কৃষক সংগঠনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের একাধিক গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে। মিছিলে বামফ্রন্টের শরিক দলগুলির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *