iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

একসাথে নিয়োগের দাবিতে শিক্ষা ভবনের সামনে টেট উত্তীর্ণদের বিক্ষোভ, উত্তেজনা

আগরতলা, ৭ মে : আবারও একসাথে নিয়োগের দাবিতে সরব হলেন ২০২৪ সালে টেট-ওয়ান ও টেট-টু পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। বৃহস্পতিবার রাজধানী আগরতলায়শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শনে সামিল হন শতাধিক কর্মপ্রার্থী। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া ঝুলিয়ে না রেখে অবিলম্বে টেট-ওয়ান ও টেট-টু উত্তীর্ণ মোট ১৮৫৬ জন প্রার্থীকে একসাথে নিয়োগ দিতে হবে।

বিক্ষোভকারীদের অভিযোগ, নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশাসনের পক্ষ থেকে বারবার টালবাহানা করা হচ্ছে। কবে নিয়োগ হবে, সে বিষয়ে স্পষ্ট কোনও বার্তা দেওয়া হচ্ছে না। এতে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে চাকরি প্রার্থীদের। এদিন শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ চলাকালীন কর্মপ্রার্থীরা স্লোগান তুলে দ্রুত নিয়োগের দাবি জানান।

বিক্ষোভকারীদের মধ্যে একজন জানান, “আমরা বহুবার শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করেছি। পাঁচ থেকে ছয় বার এসেও দেখা করতে পারিনি। আমাদের কথা কেউ শুনছে না। শুধুমাত্র আশ্বাস দিয়ে সময় কাটানো হচ্ছে।”

আরেক টেট-টু উত্তীর্ণ চাকরি প্রার্থীর বক্তব্য, নিয়োগ সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে শিক্ষা ভবন থেকে তাঁদের আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এতে ক্ষোভ আরও বাড়ছে চাকরি প্রার্থীদের মধ্যে। তাঁদের দাবি, যেহেতু তাঁরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাই কোনও রকম বৈষম্য না করে সকলকে একসাথে নিয়োগ দিতে হবে।

বিক্ষোভ ঘিরে একসময় শিক্ষা ভবন সংলগ্ন এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে পশ্চিম আগরতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

চাকরি প্রার্থীরা হুঁশিয়ারি দিয়ে জানান, দ্রুত নিয়োগের বিষয়ে সরকার ইতিবাচক পদক্ষেপ না নিলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *