iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

মোটর শ্রমিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, পশ্চিম থানায় মামলা

আগরতলা, ২৮ জুলাই : রাজধানী আগরতলায় তুলসীবতী গাড়ি সিন্ডিকেটে জনৈক মোটর শ্রমিকের কাছে ৫০ হাজার টাকা দাবি এবং তা না দিলে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় পশ্চিম আগরতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে তুলসীবতী গাড়ি সিন্ডিকেট কর্তৃপক্ষ। এই ঘটনায় শুধু সংশ্লিষ্ট সিন্ডিকেট নয়, রাজধানীর অন্যান্য গাড়ি সিন্ডিকেটের মোটর শ্রমিকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

অভিযোগ, সম্প্রতি শুভঙ্কর কর্মকার নামে তুলসীবতী গাড়ি সিন্ডিকেটের মোটর শ্রমিক একটি সেকেন্ড-হ্যান্ড গাড়ি কেনেন। সেই গাড়ি কেনাকে কেন্দ্র করে শান্তিপাড়া এলাকার বাসিন্দা তনুজ দাশগুপ্ত শুভঙ্করের কাছে ৫০ হাজার টাকা দাবি করেন।

মঙ্গলবার সকালে অভিযুক্ত ব্যক্তি তুলসীবতী গাড়ি সিন্ডিকেটে গিয়ে শুভঙ্কর কর্মকারের সঙ্গে দেখা করেন এবং অবিলম্বে ৫০ হাজার টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন বলে অভিযোগ। শুধু তাই নয়, টাকা না দিলে তাঁকে গুলি করে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

প্রাণনাশের হুমকির ঘটনায় সিন্ডিকেটে উপস্থিত অন্যান্য মোটর শ্রমিকদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সিন্ডিকেটের সদস্যরা জরুরি বৈঠকে বসে বিষয়টি নিয়ে আলোচনা করেন। বৈঠকে সর্বসম্মতিক্রমে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার দুপুরে পশ্চিম আগরতলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

সিন্ডিকেটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, মোটর শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে পুলিশের দ্রুত ও কঠোর পদক্ষেপ প্রয়োজন। অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়েছে।

ঘটনাটি রাজনৈতিক মহলেও আলোচনার বিষয় হয়ে উঠেছে। অভিযোগ উঠেছে, মুখ্যমন্ত্রীর নির্বাচনী কেন্দ্রের বিভিন্ন এলাকায় কিছু শাসকদলীয় কর্মীর বিরুদ্ধে দাদাগিরি ও প্রভাব খাটানোর প্রবণতা বাড়ছে। যদিও এই অভিযোগ নিয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখযোগ্যভাবে, মাত্র একদিন আগেই মুখ্যমন্ত্রীর নির্বাচনী কেন্দ্রের ১৬ নম্বর বুথের সদস্য দেবাশীষ সাহা ওরফে বড় কানাইকে দলবিরোধী কার্যকলাপের অভিযোগে বিজেপি থেকে বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছিল। ওই ঘটনার পর সংগঠনে শৃঙ্খলা প্রতিষ্ঠার আশা তৈরি হলেও, তার ২৪ ঘণ্টার মধ্যেই তুলসীবতী গাড়ি সিন্ডিকেটে মোটর শ্রমিককে প্রাণনাশের হুমকির অভিযোগ সামনে আসায় নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

তবে অভিযোগের সত্যতা সম্পর্কে পুলিশের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। পশ্চিম আগরতলা থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *