iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

গৃহবধূর রহস্যমৃত্যু, বালিশ চাপা দিয়ে খুনের অভিযোগ বাবার

সোনামুড়া , ৯ নভেম্বর  : ঘরে দেড় বছরের ফুটফুটে সন্তান। অথচ সেই অবুঝ শিশুকে চিরদিনের জন্য মাতৃস্নেহ থেকে বঞ্চিত করে রহস্যজনকভাবে মৃত্যু হলো গৃহবধূর। সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার যাত্রাপুর থানাধীন লালটিলা এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম ইভা আক্তার। তিনি ত্রিপুরা স্টেট রাইফেলসের (টিএসআর) জওয়ান আলমগীর হোসেনের মেয়ে। ইভার মৃত্যুকে কেন্দ্র করে তাঁর বাপের বাড়ির পরিবারের পক্ষ থেকে স্বামীসহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে বালিশ চাপা দিয়ে হত্যার গুরুতর অভিযোগ তোলা হয়েছে। যদিও মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সাড়ে তিন বছর আগে কাঁঠালিয়ার লালটিলা এলাকার বাসিন্দা ইভা আক্তার ভালোবেসে পালিয়ে বিয়ে করেছিলেন সোনামুড়া থানাধীন ময়নাদমা এলাকার যুবক সাদ্দাম হোসেনকে। বিয়ের পর তাঁদের সংসারে জন্ম নেয় একটি কন্যাসন্তান। বর্তমানে শিশুটির বয়স মাত্র দেড় বছর। তবে অভিযোগ, বিয়ের প্রথম দিকে সংসার স্বাভাবিক থাকলেও এক বছর থেকেই দাম্পত্য জীবনে অশান্তির সূত্রপাত হয়। ইভার বাবার বাড়ি থেকে বাইক যৌতুক হিসেবে নিয়ে আসার জন্য স্বামী সাদ্দাম তাঁকে চাপ দিতে শুরু করেন বলে অভিযোগ পরিবারের।

এই বাইককে কেন্দ্র করেই স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিবাদ ও অশান্তি লেগে থাকত বলে দাবি মৃতার পরিবারের। অভিযোগ, যৌতুকের দাবি পূরণ না হওয়ায় ইভাকে বিভিন্নভাবে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হতে হতো। সংসারে অশান্তি বাড়লে ইভা প্রায়ই বাবার বাড়িতে চলে আসতেন। সেখানে বাবা-মায়ের কাছে শ্বশুরবাড়িতে তাঁর ওপর চলা অত্যাচারের কথা জানিয়ে কান্নায় ভেঙে পড়তেন। মেয়ের সংসার টিকিয়ে রাখার আশায় পরিবারের সদস্যরা তাঁকে বুঝিয়ে আবার শ্বশুরবাড়িতে পাঠাতেন বলেও জানা গেছে।

মৃতার বাবা আলমগীর হোসেনের অভিযোগ, তাঁর জামাই সাদ্দাম হোসেনের অন্য এক নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। সেই সম্পর্কের প্রতিবাদ করায় ইভার ওপর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায় বলে দাবি তাঁর। স্বামীর এই সম্পর্ক নিয়ে প্রতিবাদ করতে গিয়ে ইভাকে শারীরিক ও মানসিকভাবে হেনস্তার শিকার হতে হয়েছে বলে অভিযোগ পরিবারের। তবে এসব অভিযোগের সত্যতা এখনও তদন্তসাপেক্ষ।

ঘটনার বিবরণ দিতে গিয়ে শোকার্ত বাবা আলমগীর হোসেন জানান, গতকাল রাতে তিনি যখন নিজের কর্মস্থলে ডিউটিতে ব্যস্ত ছিলেন, ঠিক সেই সময় ইভার শ্বশুরবাড়ি থেকে ফোন করে জানানো হয় যে তাঁর মেয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়েই তিনি ভেঙে পড়েন। তবে মেয়ের মৃত্যুকে আত্মহত্যা বলে মেনে নিতে নারাজ তিনি। তাঁর দাবি, ইভা আত্মহত্যা করার মতো মেয়ে ছিলেন না। তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করে পরবর্তীতে আত্মহত্যার ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে, ইভাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে মৃতার পরিবারের পক্ষ থেকে সোনামুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্বামী সাদ্দাম হোসেনসহ মোট ছয়জনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছেন আলমগীর হোসেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় তদন্ত ও আইনি প্রক্রিয়া চলছে।

এদিকে, ঘটনার পর আরও একটি নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ, মূল অভিযুক্তের এক কাকা হাসপাতালের মর্গে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করলে স্থানীয়রা তাঁকে ধরে ফেলেন। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বলে জানা গেছে।

একদিকে দেড় বছরের অবুঝ শিশুর মাথার ওপর থেকে মায়ের স্নেহের ছায়া চিরতরে সরে গেল, অন্যদিকে একমাত্র মেয়েকে হারিয়ে দিশেহারা বাবা-মা ও পরিবারের সদস্যরা। এই মর্মান্তিক ঘটনায় লালটিলা, যাত্রাপুর ও সোনামুড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যেও ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

তবে ইভার মৃত্যু আত্মহত্যা, নাকি তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে—তা এখনও নিশ্চিত নয়। ময়নাতদন্তের রিপোর্ট এবং পুলিশের তদন্তেই মৃত্যুর প্রকৃত কারণ সামনে আসবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মৃতার আত্মীয়-স্বজন ও এলাকাবাসী। এখন পুলিশের নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *