প্রবল ঝড়-বৃষ্টিতে লণ্ডভণ্ড মাতাবাড়ি মেলা! উড়ল একাধিক স্টলের ছাউনি, ভেঙে পড়ল আলোকসজ্জার তোরণ
উদয়পুর, ৯ নভেম্বর : দীপাবলির উৎসবের আবহে মাতাবাড়ির দেওয়ালি মেলায় হঠাৎই ছন্দপতন ঘটাল প্রকৃতির রুদ্ররূপ। প্রবল বাতাসের সঙ্গে অসময়ের ভারী বৃষ্টিতে কার্যত লণ্ডভণ্ড হয়ে পড়ল মেলা প্রাঙ্গণ। আকস্মিক ঝড়-বৃষ্টির দাপটে বেশ কয়েকটি স্টলের ছাউনি উড়ে যাওয়ার পাশাপাশি ব্রহ্মবাড়িতে আলোকসজ্জা বহনকারী একটি উঁচু তোরণ ভেঙে পড়েছে। এছাড়া মঞ্চের সামনে নির্মিত একটি টিনের ছাউনিও ধসে পড়ে। এই ঘটনায় মেলায় অংশ নেওয়া ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের হতাহত বা দুর্ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে গোমতী জেলা প্রশাসন।
জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে গোমতী জেলার বিভিন্ন স্থানে হঠাৎ করেই শুরু হয় প্রবল বৃষ্টিপাত। এর সঙ্গে ছিল দমকা হাওয়া। মুহূর্তের মধ্যেই আবহাওয়ার এই আকস্মিক পরিবর্তনের প্রভাব পড়ে মাতাবাড়ির মেলা প্রাঙ্গণে। বৃষ্টি ও প্রবল বাতাসের কারণে মন্দির চত্বর এবং মেলা এলাকায় সাধারণ মানুষের যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হয়। বহু মানুষ বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করেন। অন্যদিকে, মেলার বিভিন্ন স্টলে থাকা ব্যবসায়ীরা নিজেদের সামগ্রী রক্ষা করতে হিমশিম খেয়ে যান। একাধিক অস্থায়ী স্টলের ছাউনি উড়ে যাওয়ায় ব্যবসায়ীদের ক্ষতির মুখে পড়তে হয়েছে।
বিশেষ করে মেলায় অংশ নেওয়া ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। সারা বছর অপেক্ষা করে এই তিন দিনের মেলায় দোকান সাজিয়ে ব্যবসার আশায় বুক বেঁধেছিলেন তাঁরা। কিন্তু প্রাকৃতিক দুর্যোগে তাঁদের সেই প্রত্যাশায় বড়সড় ধাক্কা লেগেছে। বৃষ্টিতে দোকানের সামগ্রী ভিজে যাওয়া এবং স্টলের পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় আর্থিক লোকসানের মুখে পড়েছেন বহু ব্যবসায়ী। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কথা বিবেচনা করে তিন দিনের মাতাবাড়ি মেলা আরও একদিন বাড়ানোর দাবি উঠেছে। তাঁদের বক্তব্য, প্রাকৃতিক দুর্যোগের কারণে ব্যবসার স্বাভাবিক সুযোগ ব্যাহত হয়েছে। তাই ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে মেলার সময়সীমা একদিন বাড়ানো প্রয়োজন।
এদিকে, পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে গোমতী জেলা প্রশাসনের তরফে সাধারণ মানুষের উদ্দেশে সতর্কতামূলক জনবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জেলা প্রশাসক সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানিয়েছেন, সন্ধ্যায় গোমতী জেলার বিভিন্ন স্থানে অভূতপূর্ব বৃষ্টিপাত হয়েছে। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (ডিডিএমএ) গোটা পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে। পুলিশ, সংশ্লিষ্ট দপ্তর এবং বেসামরিক প্রতিরক্ষা বিভাগের স্বেচ্ছাসেবকদের সক্রিয় সহযোগিতায় মহকুমা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্থানে রাস্তা পরিষ্কার এবং স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার কাজ চলছে।
জেলা প্রশাসকের বক্তব্য অনুযায়ী, এখন পর্যন্ত বড় ধরনের আঘাত বা দুর্ঘটনার কোনো খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সংশ্লিষ্ট সমস্ত বিভাগকে সতর্ক রাখা হয়েছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, পুলিশ এবং অন্যান্য দপ্তর সমন্বয়ের মাধ্যমে কাজ করছে।
প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে জলমগ্ন এলাকা এবং ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়ে চলাচল না করার জন্য সতর্ক করা হয়েছে। উপচে পড়া জলস্রোত, নর্দমা এবং অন্যান্য বিপজ্জনক স্থান থেকে দূরে থাকার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে অবিলম্বে জেলা প্রশাসন, পুলিশ অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, ঝড়-বৃষ্টির কারণে মাতাবাড়ি মন্দির এলাকায় বিদ্যুৎ সরবরাহও কিছুক্ষণের জন্য বিঘ্নিত হয়। ফলে মন্দির ও মেলা প্রাঙ্গণের স্বাভাবিক কার্যক্রমে সাময়িক সমস্যা দেখা দেয়। তবে সংশ্লিষ্ট বিভাগের তৎপরতায় দ্রুত বিদ্যুৎ পরিষেবা পুনরুদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
দীপাবলিকে কেন্দ্র করে মাতাবাড়ির দেওয়ালি মেলায় প্রতিবছরই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে। উৎসবের এই গুরুত্বপূর্ণ সময়ে আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে মেলা প্রাঙ্গণের একাধিক পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতি এবং মেলার বাকি সময়ের ব্যবস্থাপনা নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে প্রশাসনকে। এখন পরিস্থিতি স্বাভাবিক করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি প্রশাসন কতটা গুরুত্ব দিয়ে বিবেচনা করে, সেদিকেই তাকিয়ে রয়েছেন মেলায় অংশ নেওয়া ব্যবসায়ীরা।
