মুদি দোকানের ক্যাশ বাক্স থেকে টাকা চুরি করতে গিয়ে হাতেনাতে আটক যুবককে গণধোলাই
স্টাফ রিপোর্টার, বিলোনিয়া, ৪ অক্টোবর।। মুদি দোকানের ক্যাশ বাক্স থেকে টাকা চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল যুবক। ওই যুবককে গণধোলাই দিয়ে বেঁধে রাখা হয় বৈদ্যুতের খুঁটির সাথে। ঘটনাটি ঘটে বুধবার সকাল নয়টা নাগাদ দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ায় রাজীব কর্নার এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে জনতার রোষানল থেকে যুবককে উদ্ধার করে নিয়ে আসে বিলোনিয়া থানাতে। যুবকের বাড়ি উদয়পুরে। নাম দীপঙ্কর দেবনাথ।
জানা যায়, দোকান মালিকের অনুপস্থিতির সুযোগ নিয়ে দোকানে প্রবেশ করে দীপঙ্কর। এরপর ক্যাশ বাস্ক থেকে দশ হাজার টাকা চুরি করে বের হয়ে যাওয়ার সময় সন্দেহ হয় মুদি দোকানের মালিক অমর দত্তের । ডাক দিতেই পালিয়ে যেতে চেষ্টা করে দীপঙ্কর। দোকানের মালিক অমর দত্ত পিছু ধাওয়া করে ধরে ফেলে দীপঙ্করকে। এরপরই পাশ্ববর্তী দোকানদার সহ অন্যান্য লোকজন ছুটে আসে। শুরু হয়ে যায় গণধোলাই। এর আগেও এই দীপঙ্কর বিলোনিয়া এক নং টিলা এলাকায় একটি জুয়েলারি দোকান থেকে টাকা চুরি করতে গিয়ে ধরা পড়েছিল। এদিন গণধোলাই দিয়ে বিলোনিয়া থানায় খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে ওই যুবককে থানায় নিয়ে আসে।
