শান্তিরবাজারে নিখোঁজ ব্যক্তির রহস্যজনকভাবে মৃতদেহ উদ্ধার রাবার বাগানে
স্টাফ রিপোর্টার, শান্তিরবাজার, ১০ অক্টোবর।। নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার বীরচন্দ্রনগর এলাকায়। মৃত ব্যক্তির নাম জীবনধন শীল। বয়স ৪৫ বছর। মঙ্গলবার সকালে তাঁর মৃতদেহ বাড়ি থেকে কিছু দূরে রাবার বাগানে সরহস্যজনকভাবে উদ্ধার হয়েছে। এটি অস্বভাবিক মৃত্যু বলে পরিবারের লোকজনের দাবি।
মৃত ব্যক্তির পরিবারের লোকজন জানিয়েছেন সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় জীবনধন শীল। বাড়ির লোকজন সন্ধ্যারাতে বিভিন্ন জায়গায় খোঁজ খবর করেছেন। কিন্তু তাঁর কোন হদিশ পায়নি। রাতেও খোঁজ নিয়ে আত্মীয়দের বাড়িতে সেখানেও যায়নি। মঙ্গলবার সকালে পুনরায় এদিক ওদিক সন্ধান করেও তাঁর হদিশ পায়নি। আচমকা বাড়ি থেকে অনেকটা দূরে একটি রাবার বাগানে জীবনধন শীলের মৃতদেহ পড়ে থাকতে দেখেন এক নিকটাত্মীয়। সাথে সাথেই স্ত্রী ও ছেলেকে খবর দেয়া হয়। তারা গিয়ে মৃতদেহ সনাক্ত করেন।
পরে খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে নিয়ে যায়। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। জীবনধন শীলের মৃতদেহ যে অবস্থায় পাওয়া গিয়েছে তাতে পরিবারের লোকজনের দাবি এটি কোন স্বভাবিক মৃত্যু নয়। এর পেছনে অন্য কোন রহস্য রয়েছে। পুলিশের কাছে সুষ্ঠু তদন্তের দাবী জানিয়েছেন পরিবারের লোকজন। এই মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।
