iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

সেকেরকোটে রেল লাইনের পাশে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ পরিকল্পিতভাবে খুন

আগরতলা, ১৪ জুলাই : রেল লাইনের পাশে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনা আগরতলার কাছে সেকেরকোটে। মৃত ব্যক্তির নাম প্রমোদ কুমার বিশ্বাস। পরিবারের লোকজনের অভিযোগ পরিকল্পিতভাবে খুন করা হয়েছে প্রমোদকে।

জানা গিয়েছে, কমলাসাগর বিধানসভার অন্তর্গত ছনখলা এলাকার প্রমোদ কুমার বিশ্বাস নামে এক ব্যক্তি সেকেরকোট রেলওয়ে স্টেশনে প্রতিদিন রাতে নাইটগার্ডের কাজ করতেন। তিনি অন্যান্য দিনের মত শনিবার সন্ধ্যায় কর্মস্থলের উদ্দেশ্যে যান। শনিবার গভীর রাতে প্রমোদ কুমার বিশ্বাসের বাড়িতে খবর আসে যে রেল লাইনের পাশে তার মৃতদেহ পাওয়া গেছে। সেই খবর পাওয়া মাত্রই তার পরিবারের লোকজনসহ এলাকাবাসীরা ঘটনাস্থলে ছুটে যায় এবং খবর দেওয়া হয় আমতলী থানার পুলিশকে।

খবর পেয়ে ঘটনাস্থলে রাতেই ছুটে যায় আমতলী থানার পুলিশ। পরে প্রমোদ কুমার বিশ্বাসের মৃতদেহ উদ্ধার করে হাঁপানিয়াস্থিত ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়ে দেওয়া হয়। রবিবার সকালে মৃত ব্যক্তির পরিবারের লোকজন সহ এলাকাবাসীরা আমতলী থানায় এসে খুনের অভিযোগ এনে লিখিত আকারে মামলা দায়ের করেন। তাদের অভিযোগ প্রমোদ কুমার বিশ্বাসকে পূর্বপরিকল্পিতভাবে খুন করে সেকেরকোট এলাকায় রেল লাইনের পাশে ফেলে রাখা হয়েছে। তাদের অভিযোগ রেল লাইনের পাশে ওই যুবকের মৃতদেহ যেভাবে দেখতে পেয়েছে এভাবে রেলে কাটা পড়া দেহ পড়ে থাকে না।

প্রমোদ কুমার বিশ্বাসের এক ভাই সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগ করতে গিয়ে জানিয়েছেন যারা এই ধরনের ঘটনার সাথে যুক্ত তাদের যেন আইন অনুসারে শাস্তির ব্যবস্থা করে পুলিশ। মৃত্যুকালে প্রমোদ কুমার বিশ্বাস মৃত্যুকালে স্ত্রী পুত্র রেখে গেছেন। রবিবার তার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনায় আমতলী থানার পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। এদিকে প্রমোদ কুমার বিশ্বাসের মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *