নাবালিকাকে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত প্রতিবেশী যুবককে বিভিন্ন ধরায় সর্বোচ্চ কুড়ি বছরের কারাদন্ড
স্টাফ রিপোর্টার, উদয়পুর, ৩০ সেপ্টেম্বর।। নাবালিকাকে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত প্রতিবেশী যুবককে বিভিন্ন ধরায় সর্বোচ্চ কুড়ি বছরের কারাদন্ডে দন্ডিত করলেন গোমতী জেলার স্পেশাল জজ।গত ২৬ শে জুলাই ২০২১ সালে রাধাকিশোরপুর থানার অন্তর্গত ফোটামাটি এলাকার বাবুল মিয়ার ছেলে নিজাম মিয়া এলাকার এক নাবালিকা কন্যাকে ধর্ষণ করে একাধিকবার।পরবর্তী সময়ে নাবালিকা কন্যাটি অসুস্থ হয়ে পড়লে বাড়ির লোকজনরা মেয়েটিকে নিয়ে চিকিৎসকের কাছে যায়। নাবালিকা তখন গর্ভবতী। সেখানে নাবালিকা কন্যাটি সব খুলে বলে। পরবর্তী সময়ে একটি পুত্র সন্তানের জন্ম দেয়। মেয়েটির ভাই রাধাকিশোরপুর মহিলা থানায় মামলা দায়ের করেন অভিযুক্ত নিজাম মিয়ার বিরুদ্ধে। পুলিশ ঘটনার তদন্তে নেমে আসামি নিজাম মিয়াকে গ্রেফতার করে।
রাধাকিশোরপুর মহিলা থানায় মামলার মম্বর ৪৬/২১। মামলা হয় আইপিসির ৫০৬/৩৪২/৩৭৬(২) এবং পক্সো আইনে ৬ ধারায়। মামলা নিয়ে আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। দীর্ঘ দিন ধরে আদালতে মামলাটি চলার পর আদালত ১৯ জনের সাক্ষ্য বাক্য গ্ৰহন করে। শনিবার গোমতী জেলার স্পেশাল জজ আশুতোষ পান্ডে আসামী নিজাম মিয়াকে ভারতীয় দন্ডবিধির ৩৪২ নম্বর ধারায় ছয় মাসের জেল, সাথে ৫০০ টাকা অর্থ দন্ড অনাদায়ে ১৫ দিন জেল। ৫০৬ ধারায় এক বছরের জেল সাথে একহাজার টাকা অর্থ দন্ড অনাদায়ে এক বছরের জেল এবং পক্সো আইনে কুড়ি বছরের জেল, সাথে দশ হাজার টাকা অর্থ দন্ড অনাদায়ে ছয়মাসের কারাদণ্ডের সাজা ঘোষণা করেন। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী পল্টু দাশ। মামলাটির তদন্তকারী অফিসার ছিলেন এস আই সুমিতা কাপালি।
