গন্ডাছড়ায় যান সন্ত্রাসে আতঙ্কিত স্থানীয় জনগণ, পুলিশের ভূমিকায় অসন্তোষ
স্টাফ রিপোর্টার, গন্ডাছড়া, ১০ অক্টোবর।। সোমবার গভীর রাতেও গন্ডাছড়া মহকুমার অন্তর্গত সাব -জেলখানা চৌমুহনিতে ঘটে যান দুর্ঘটনা। উক্ত দুর্ঘটনায় কতজন আহত হয়েছে মঙ্গলবার সকাল পর্যন্ত তার কোন সংবাদ পাওয়া যায়নি। অনেকের ধারণা গভীর রাতে দুর্ঘটনা ঘটিয়ে থানা পুলিশের ভয়ে পালিয়েছে যান চালক সহ অন্যান্যরা।
জানা গিয়েছে গন্ডাছড়া মহকুমার অন্তর্গত সাব-জেলাখানা সংলগ্ন মূল রাস্তায় পার্শ্ববর্তী আর্ণল্ড ইংলিশ মিডিয়াম মিশন স্কুলের একটি বাসগাড়ি ওই স্কুলের ডিউটির পর প্রতিদিন দাঁড় করিয়ে রাখা হয় বলে সংশ্লিষ্ট এলাকাবাসীদের বক্তব্য। অন্যান্যদিনের মতোই সোমবারও ইংলিশ মিডিয়াম মিশন স্কুলের টিআর-০৪-১২১৮ নম্বরের স্কুল বাসটি মূল রাস্তায় দাঁড় করানো ছিল। মঙ্গলবার সাত সকালে পথচারীরা দেখতে পান টিআর-০৪সি-১৬৮৫ নম্বরের একটি পিকআপ গাড়ি মূল রাস্তায় দাঁড়িয়ে থাকা স্কুল বাসটিকে ধাক্কা দিয়ে দুর্ঘটনায় পড়ে রয়েছে। তবে দুইটি গাড়িরই ব্যাপক ক্ষতি হলেও গাড়িতে কাউকে দেখা যায়নি। ফলে হতাহতের কোন সংবাদ পাওয়া যায়নি।
তবে লোকজনের ধারণা থানা পুলিশের ভয়ে গাড়ি ফেলে পালিয়েছে চালক সহ অন্যান্যরা। লোকজনদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে টিআর-০৪সি-১৬৮৫ নম্বরের পিকআপ গাড়িটি প্রতিদিনই গভীর রাতে ডুম্বুর জলাশয়ের মাছ টানার কাজ করে।প্রসঙ্গত, যান দুর্ঘটনা যেন ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার পিছু ছাড়তে চাইছে না।প্রায় প্রতিদিনই গন্ডাছড়া মহকুমার কোন না কোন স্থানে ছোট বড় যান দুর্ঘটনা ঘটেই চলছে। অল্প বিস্তর আহতও হতে হচ্ছে অনেককে আবার অনেকের অকাল মৃত্যু ঘটছে। কিন্ত কোন এক অজ্ঞাত কারণে পুলিশ নীরব ভূমিকা পালন করে চলেছে।
