বক্সনগরে নিজ বাড়িতে এক ব্যাক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে স্ত্রী, ছেলে ও মেয়ের জামাইর বিরুদ্ধে
বক্সনগর, ২ জুলাই।। নিজ বাড়িতে এক ব্যাক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে স্ত্রী, ছেলে এবং মেয়ের জামাইর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনা ত্রিপুরার সিপাহীজলা জেলার বক্সনগরে সীমান্তবর্তী গ্রাম (কাঁটাতারের বেড়ার ওপারে) নজরপুরাতে। মৃত ব্যক্তির নাম মনির হোসেন। বয়স আটান্ন বছর।
অভিযোগ মনির হোসেনকে তাঁর নজরপুরা বাড়িতে ২৭ জুন প্রচন্ডভাবে পিটিয়েছিল তাঁর স্ত্রী মায়া আক্তার, বড় ছেলে ইয়াসিন মিয়া এবং মেয়ের জামাই সায়ন মিয়া। স্ত্রীর অবৈধ সম্পর্ক রয়েছে নিজের মেয়ের জামাই সায়ন মিয়ার সাথে। সেই সম্পর্ক নিয়ে আপত্তি করায় তাঁকে পিটিয়ে রক্তাক্ত করা হয়। মেয়ের জামাই সায়ন মিয়া তাঁকে হত্যার উদ্দেশ্যে মাথায় প্রচন্ডভাবে আঘাত করে তাঁকে আহত করে বাংলাদেশ পালিয়ে যায়।
ঘটনার সময় মনির হোসেনের ছোট ছেলে মহসিন হোসেন বাড়ির বাইরে ছিল। সে বাড়িতে ফিরে রক্তাক্ত অবস্থায় মনির হোসেনকে ১৫১ নম্বর গেটের বিএসএফের সহায়তায় বক্সনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মনির হোসেনকে জিবি হাসপাতালে রেফার করা হয়েছিল। সোমবার দুপুরে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মনির হোসেনের। এই মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মনির হোসেন বিভিন্ন ধরনের বেআইনি ব্যবসার সাথে জড়িত ছিলেন। এক সময় তিনি বিশাল টাকার মালিক ছিলেন। কিন্তু গত কয়েক বছরে তাঁর সমস্ত টাকা নিয়ে যায় মেয়ের জামাই, ছেলে ও স্ত্রী। মনির হোসেনের স্ত্রী নিজের মেয়ের জামাইয়ের সাথে অবৈধ সম্পর্কের জড়িয়ে পড়েন বলে অভিযোগ। সেই সম্পর্কের আপত্তি করায় অবশেষে মনিরকে তাঁর পরিবারের লোকেরা মিলে খুন করেছে বলে অভিযোগ। কলমচৌড়া থানার পুলিশ এই ঘটনায় মামলা নিয়ে তদন্ত শুরু করছে।
