টাউন বড়দোয়ালিতে দুঃস্থ মহিলাদের হাতে বস্ত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা
আগরতলা, ৮ অক্টোবর : আগামীকাল ৯ অক্টোবর ষষ্ঠী। দেবী দুর্গার বোধন। সার্বজনীন দুর্গাপূজায় সকলের মুখে হাসি ফোটাতে প্রতিদিন চলছে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন এবং সামাজিক সংস্থার পক্ষ থেকে বস্ত্র বিতরণ। মঙ্গলবার নিজের বিধানসভা কেন্দ্র টাউন বড়দোয়ালিতে দুঃস্থ মহিলাদের হাতে বস্ত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এদিন ৮ নং টাউন বড়দোয়ালি বিজেপি মন্ডলের উদ্যোগে এলাকার দুঃস্থ মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, দুর্গাপূজা উপলক্ষে মায়েদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়ার ইচ্ছে ছিল। যাতে সকলে মিলে পূজোর দিনগুলি আনন্দে কাটানো যায়। কারণ বর্তমান সরকার এবং শাসক দলের নীতি হল মানুষের সুখে দুঃখে পাশে থাকা।তিনি বলেন, এই আনন্দের সময় এলাকার মহিলাদের হাতে নতুন বস্ত্র তুলে দিয়ে হাসি ফুটাতে পারলে আত্মতৃপ্তি পাওয়া যায়। মুখ্যমন্ত্রী আরও বলেন বর্তমান সরকার এবং শাসক দল চায় রাজ্যে যাতে শান্তি সম্প্রীতি বজায় থাকে। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর সাথে এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ দলের অন্যান্য নেতৃত্বরা।
