বিধায়ক গোপাল রায়ের বাড়িতে চুরি, পাঁচ লক্ষ টাকার স্বর্ণালঙ্কার সহ গ্রেফতার চোর
আগরতলা, ১৬ অক্টোবর : দশমীর রাতে বিধায়ক গোপাল রায়ের বাড়িতে স্বর্ণালঙ্কার চুরি হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে পূর্ব আগরতলা থানার পুলিশ মহারাজগঞ্জ বাজার ফাঁড়ির পুলিশের সহযোগিতায় চোরকে আটক করতে সক্ষম হয়। চুরি যাওয়া স্বর্ণালঙ্কারের বাজার মূল্য আনুমানিক পাঁচ লক্ষ টাকা হবে বলে জানান সদর এসডিপিও দেবপ্রসাদ রায়।
এসডিপিও জানিয়েছেন, গত ১৩ অক্টোবর তথা দশমীর দিন বিধায়ক গোপাল রায়ের জগহরিমুড়াস্থিত বাড়িতে চুরি হয়। চোর স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট দেয়। পরে এই ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশের একটি টিম ঘটনার তদন্ত শুরু করে। বিভিন্ন সোর্স কাজে লাগিয়ে পুলিশ মঙ্গলবার রাতে জগহরিমুড়া এলাকা থেকে এক যুবককে আটক করেছে। তার কাছ থেকে চুরি যাওয়া পাঁচ লক্ষ টাকার স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। ধৃত যুবককে বুধবার আদালতে সোপর্দ করেছে পুলিশ। আরও তথ্য অনুসন্ধানের জন্য ধৃতকে রিমান্ডে দেওয়ার জন্য আদালতে আবেদন জানিয়েছে পুলিশ।
