কাঞ্চনমালায় আক্রান্ত মহিলা সহ দুইজন, মামলা নিতে অনিহা আমতলি থানার
আগরতলা, ১৬ নভেম্বর : শাসক দলের পঞ্চায়েত সদস্য সহ তার ভাইয়ের হাতে আক্রান্ত হয়ে বৌদি এবং দেবর থানায় মামলা দায়ের করলেন। থানার পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ না করায় নির্যাতিতা বৌদি এবং দেবর শনিবার রাজ্য পুলিশ সদর কার্যালয়ে পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপারের সাথে দেখা করে সুবিচারের দাবি জানালেন।
জানা গিয়েছে, আমতলি থানার অন্তর্গত কাঞ্চনমালা বাজার সংলগ্ন ৪ নং ওয়ার্ডের এক মহিলা সহ তার দেবরকে একই পাড়ার পঞ্চায়েত সদস্য শেখর দেবনাথ উরফে টুটন এবং তার ভাই সুমন দেবনাথ বেধড়কভাবে মারধর করে। এমনকি মহিলাকে শ্লীলতাহানিও করে। যদিও ঘটনার দিন নির্যাতিত এবং তার দেবর আমতলি থানায় মামলা করার প্রস্তুতি নিলেও অভিযুক্তদের বাধার সম্মুখীন হতে হয়। ঘটনার পরদিন অর্থাৎ ১২ নভেম্বর নির্যাতিত মহিলা এবং দেবর আমতলি থানায় লিখিত আকারে অভিযোগ দায়ের করেন। কিন্তু আমতলি থানার পুলিশ শাসক দলের পঞ্চায়েত সদস্য সহ তার ভাইকে বাঁচাতে মরিয়া হয়ে উঠে বলে অভিযোগ।
ঘটনার এতদিন হয়ে গেলেও আমতলি থানার পুলিশ এই ঘটনায় কোন মামলা নথিভুক্ত করেনি। পরে পুলিশের এই কর্মকান্ডের কথা জানতে পারেন নির্যাতিত মহিলা সহ তার দেবর। বাধ্য হয়ে শনিবার দুপুরে ওই মহিলা সহ তার দেবর রাজ্য পুলিশের সদর কার্যালয়ে পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপারের কাছে ঘটনার সম্পূর্ণ তথ্য তুলে ধরেন এবং এই ঘটনার অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সঙ্গে সঙ্গেই জেলার অতিরিক্ত পুলিশ সুপার আমতলী থানার পুলিশকে কড়া নির্দেশ দেন এই ঘটনায় যেন খুব শীঘ্রই মামলা নথিভুক্ত করে অভিযুক্তদের বিচারের আওতায় আনে।
