কেন্দ্রীয় সরকারের লক্ষ্য উত্তর পূর্বের রাজ্যগুলিকে দেশের অন্যান্য অঞ্চলের সমান করে তোলা : স্বরাষ্ট্র মন্ত্রী
আগরতলা, ২১ ডিসেম্বর : উত্তর পূর্বের সমস্ত রাজ্য আগামীদিনে সমৃদ্ধশালী হবে। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে নিয়ে অষ্টলক্ষ্মী ধারণাটি দেশ এবং বিশ্বজুড়ে গ্রহণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় সরকারের লক্ষ্য হলো উত্তর পূর্বের রাজ্যগুলিকে দেশের অন্যান্য অঞ্চলের সমান করে তোলা। শনিবার আগরতলায় উত্তর পূর্বাঞ্চল পরিষদের প্লেনারি সেশনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায়মন্ত্রী অমিত শাহ একথা বলেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, উত্তর পূর্বাঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। প্রায় ১০ হাজার ৫০০-র মতো সন্ত্রাসবাদী সহিংসতা ত্যাগ করে মূলস্রোতে ফিরে এসেছে। তিনি বলেন, উত্তর পূর্ব দিয়ে মাদকদ্রব্য দেশের অন্যান্য অঞ্চলে পাচার হওয়ার কারণে ভারতে এটি একটি অন্যতম সমস্যা হিসেবে পরিগণিত হচ্ছে। যদিও এই বিষয়ে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। এরপরও বিষয়টি সমাধানের জন্য আরও অনেক কিছু করতে হবে।
তিনি বলেন, অষ্টলক্ষ্মী ধারণাটি সমগ্র দেশ এবং বিশ্বে সমাদৃত হয়েছে। এই অঞ্চলের সবকটি রাজ্য আগামীদিনে সমৃদ্ধশালী হবে। অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন সরকার দেশে ক্ষমতাসীন হওয়ার পর ডোনার মন্ত্রক গঠন করা হয়। কেন্দ্রীয় সরকার এই অঞ্চলের রাজ্যগুলির উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, অ্যাক্ট ইস্ট, অ্যাক্ট ফাস্ট, অ্যাক্ট ফার্স্ট মন্ত্রগুলি উত্তর পূর্বাঞ্চল পর্যদ দ্বারা যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে।
প্লেনারি সেশনে উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, উত্তর পূর্বাঞ্চলে যে দ্রুতগতিতে উন্নয়ন হচ্ছে তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গৃহীত অ্যাক্ট ইস্ট নীতির কারণে। উত্তর পূর্বাঞ্চল দক্ষিণ পূর্বাঞ্চলের জন্য আশ্রয় হিসেবে কাজ করবে। এই অঞ্চলে কেন্দ্রীয় মন্ত্রীগণ ৮০ বার সফর করেছেন। প্রধানমন্ত্রী নিজে উত্তর পূর্বাঞ্চলে ৬৪ বার সফর করেছেন।
