iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈত্রিক বাড়ি ভাঙচুর, আগরতলায় বিজেপির বিক্ষোভ

আগরতলা, ১৪ জুন : শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে চলছে দুষ্কৃতীদের তাণ্ডব। বিশেষ করে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সময়কালে অত্যাচারের ঘটনা বেড়ে গিয়েছে বাংলাদেশে। মাথাচাড়া দিচ্ছে মৌলবাদ। এবার সেই অত্যাচার ও দুষ্কৃতী তাণ্ডবের হাত থেকে রেহাই পেল না বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পৈত্রিক বাড়িও। বাংলাদেশের সিরাজগঞ্জে কবিগুরুর পৈত্রিক বাড়ি যা রবীন্দ্র কাছারিবাড়ি হিসেবে পরিচিত, সেখানে হামলা চালিয়েছে দুষ্কৃতীরা।

গত মঙ্গলবার ভাঙচুর চালানো হয় কবিগুরুর সেই বাড়িতে। এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে রাজধানী আগরতলায়। শনিবার বাংলাদেশের ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজধানীতে আখাউড়া চেকপোস্ট পর্যন্ত বিক্ষোভ মিছিল সংঘটিত করেছে বিজেপি। মিছিলটি রাজধানীর ফায়ার ব্রিগেড চৌমুহনী থেকে শুরু হয়ে বর্ডার গোলচক্কর পর্যন্ত যায়। সেখানে এই ঘটনার তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানানো হয়।

এই প্রসঙ্গে প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান চন্দ্র দাস জানান, এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা মেনে নেওয়া যায় না। এই ঘটনার প্রতিবাদেই এই মিছিল সংঘটিত করা হয়েছে। শনিবার রাজ্যের প্রতিটি জেলায় এই মিছিল করা হচ্ছে। আগামী ১৬ জুন রাজ্যের সবকটি বিধানসভা কেন্দ্রে এই প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল সংঘটিত করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবারই রাজধানীতে বাংলাদেশ ভিসা অফিসের সামনে এই প্রতিবাদ এবং বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। কিন্তু আহমেদাবাদের মর্মান্তিক বিমান দুর্ঘটনার কারণে পরবর্তী সময়ে এই কর্মসূচি সেদিন বাতিল বলে ঘোষণা করা হয়। শনিবারের বিক্ষোভ মিছিলে প্রদেশ বিজেপির একাধিক নেতৃত্ব এবং বিজেপি কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *