প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আহ্বান জানিয়েছে “ত্রিপুরা সাইক্লিং এক্সপ্লোরার”
আগরতলা, ১৯ জুন : ত্রিপুরা রাজ্যে পাঁচটি পাহাড়ের রেঞ্জ রয়েছে। সেই সঙ্গে রয়েছে গহীন জঙ্গল। মনোরম ঝর্ণা সহ নানা প্রাকৃতিক দৃশ্য। রাজ্যের বহু মানুষ এই সকল বিষয়ে অবগত নন। তাঁরা প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য রাজ্যের বাইরে ছুটে যান। রাজ্যের বিভিন্ন অংশের মানুষকে আমাদের আশেপাশে প্রায় সকলের অলক্ষ্যে পড়ে থাকা এই সকল প্রাকৃতিক দৃশ্য তুলে ধরার জন্য কাজ করে চলছে “ত্রিপুরা সাইক্লিং এক্সপ্লোরার”।
২০২১ সালে এই গ্রুপটির জন্ম হয়। তারপর বিভিন্ন জায়গাতে তারা ঘুরে বেড়িয়েছেন। এবছর অর্থাৎ ২০২৫ সালে তাঁদের গ্রুপটি আবার নতুন করে সংগঠিত করা হয়েছে। বৃহস্পতিবার আগরতলা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন গ্রুপের চিফ কোঅর্ডিনেটর শুভদীপ চৌধুরী।
তিনি আরও জানান, শুধুমাত্র সাইক্লিং করাই তাঁদের মূল উদ্দেশ্য নয়। বর্তমান সময়ের যুবক-যুবতীরা মোবাইল এবং ড্রাগসের নেশায় আচ্ছন্ন। সমাজের এই দুরবস্থা থেকে মুক্তি পেতে সাইক্লিং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। পাশাপাশি বর্তমান বিশ্বে যে হারে পরিবেশ দূষিত হচ্ছে এই পরিস্থিতিতে সকলে মিলে সাইকেল চালালে দূষণের পরিমাণ অনেকটাই কমে যাবে।
সেই সঙ্গে তিনি আরও বলেন সাইকেলের পাশাপাশি অন্যান্য যানবাহন নিয়েও যাতে মানুষ রাজ্যের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য বেরিয়ে পড়েন এই আহ্বান জানান। ইতিমধ্যে তাঁরা রাজ্যের বাইরে গিয়েও সাইক্লিং করেছেন। আগামীদিনে দক্ষিণ ত্রিপুরার সাব্রুমের মাগরুম পাহাড়ে তাঁরা অ্যাডভেঞ্চার করতে যাবেন বলেও জানান।
এদিনের এই সাংবাদিক সম্মেলনে গ্রুপের অন্যান্য সদস্য সদস্যরা উপস্থিত ছিলেন। এই গ্রুপটি আগরতলা এডভেঞ্চার ক্লাবের সঙ্গে যুক্ত বলেও জানানো হয় এদিন।
