সোনামুড়ায় গণতান্ত্রিক যুব ফেডারেশনের সদস্যপদ সংগ্রহ অভিযান
বক্সনগর, ২ জুলাই : ত্রিপুরায় আবারও তরুণদের মুখে প্রতিবাদের স্লোগান ‘গণতন্ত্র ফেরাও, চাকরি দাও, দুর্নীতি থামাও।’ বেকারত্ব, নারী নির্যাতন, দুর্নীতি, তোলাবাজি, খাদ্য ও কাজের সংকট— এসবের বিরুদ্ধে রাজ্যজুড়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে নতুন করে শুরু হয়েছে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের সদস্যপদ সংগ্রহ অভিযান।
বুধবার সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার ইন্দ্রনগর ইউনিট-এ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পক্ষ থেকে চালানো হয় ঘরে ঘরে প্রচার ও সদস্য সংগ্রহ অভিযান। এই অভিযানের নেতৃত্বে ছিলেন সংগঠনের সোনামুড়া মহকুমা কমিটির সম্পাদক ইন্দ্রজিৎ সাহা। তিনি জানান,“এদিন দুই শতাধিক নতুন সদস্য যোগ দিয়েছেন। সাধারণ মানুষের সাড়া ছিল ব্যাপক। যুব সমাজ এখন চোখে চোখ রেখে প্রশ্ন করছে— ৫০ হাজার চাকরির প্রতিশ্রুতি কোথায় গেল?”
তিনি আরও জানান, শুধু সদস্য সংগ্রহই নয়, এই অভিযানের মাধ্যমে এলাকার তরুণ-তরুণীদের মতামত, মানসিক অবস্থা এবং বাস্তব সমস্যার তথ্য সংগ্রহ করা হয়েছে। সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত ইন্দ্রজিৎ সাহার নেতৃত্বে দুইটি দলে ভাগ হয়ে এই কাজ সম্পন্ন করা হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীদিনে সোনামুড়ার প্রতিটি অঞ্চলে এভাবেই সদস্য সংগ্রহ অভিযান চলবে। এরপর মহকুমা, জেলা এবং রাজ্য স্তরে তীব্র আন্দোলনের পরিকল্পনা রয়েছে। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের মূল দাবি—বেকার যুবকদের জন্য স্থায়ী কর্মসংস্থান, নারী সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, রাজনৈতিক প্রতিশ্রুতির জবাবদিহি।
সংগঠনের নেতৃত্বরা মনে করছেন, ত্রিপুরার যুব সমাজ আর নীরব নয়। ইন্দ্রনগর থেকে শুরু হয়ে রাজ্যজুড়ে ছড়িয়ে পড়ছে যুব জাগরণের আগুন। এখন আর ভয় নয়— এখন জবাব চাওয়ার সময়। বিজেপি সরকারের সাড়ে সাত বছরের শাসনের প্রতিশ্রুতি এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
