বিশালগড়ে কালীমন্দির ও স্কুলে চুরি, অন্ধকারে হাতরাচ্ছে পুলিশ
বিশালগড়, ২ জুলাই : নেশার টাকা যোগাড় করতে এবার স্বয়ং কালী মন্দির ও বিদ্যালয়ে হানা দিল চোরের দল। ঘটনাটি ঘটেছে সিপাহীজলা জেলার বিশালগড় থানাধীন বাইদ্যাদীঘি শক্তি মাতা সংঘ কালীমন্দিরে ও পিএম শ্রী বাইদ্যাদীঘি এইচএস স্কুলে।
কালী মন্দিরের দরজার তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে প্রণামী বাক্স ভেঙ্গে সমস্ত টাকা চুরি করে নিয়ে যায়। এই কালীমন্দিরটি এলাকার সনাতনীদের বহু বছর পুরনো ঐতিহ্যবাহী মন্দির। এই কালীমন্দিরে চুরির ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের জনগণ।
দ্বিতীয় চুরির ঘটনাটি পিএম শ্রী বাইদ্যাদীঘি এইচএস স্কুলে মিড ডে মিলের ঘরে। ঘটনার তদন্তে নামে বিশালগড় থানার পুলিশ। চুরির ঘটনাটি ঘটে মঙ্গলবার গভীর রাতে। বুধবার প্রাতঃ বিভাগের শিক্ষক শিক্ষিকারা স্কুলে এসে দেখতে পান মিড ডে মিলের ঘরের দরজার তালা ভাঙ্গা। বুঝতে বাকি নেই স্কুলে চুরি হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এলাকার বিজেপি মন্ডল সভাপতি সহ গ্রাম প্রধান। মিড ডে মিলের বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে গিয়েছে চোরের দল। জানা গিয়েছে, কিছুদিন পূর্বে ওই স্কুলে চোরের দল হানা দিয়ে ৪০টি দামী ট্যাব চুরি করে নিয়ে যায়।
বিজেপির মন্ডল সভাপতি দাবি করেন, ব্রাউন সুগার সহ একাধিক নেশায় আসক্ত যুবকরা তাদের নেশার টাকা যোগাড় করতেই এলাকায় এই সমস্ত চুরির ঘটনা সংঘটিত করছে। বিশালগড় থানার পুলিশ দুটি ঘটনায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।
