নিয়মিতকরণের দাবিতে মহাকরণ অভিযান করল অনিয়মিত কর্মচারী মঞ্চ
আগরতলা, ৪ জুলাই : অনিয়মিত কর্মচারীদের বিভিন্ন দাবি আদায়ে মহাকরণ অভিযান করল ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ। দাবি সনদ তুলে দেওয়া হয়েছে মুখ্য সচিবের কাছে।
ত্রিপুরায় বিভিন্ন সরকারি দফতরে কর্মরত অনিয়মিত কর্মচারীদেরকে নিয়মিতকরণ করা, নিয়মিতকরণ করার সাপেক্ষে সম কাজের জন্য সমপরিমাণ বেতন দিতে হবে নিয়মিত এবং অনিয়মিত উভয় কর্মচারীকে। আংশিক সময়ের যে সকল কর্মচারী রয়েছেন যারা ১০ বছর ধরে সরকারের বিভিন্ন সংস্থায় কাজ করছেন তাদেরকে অনিয়মিত কর্মচারী হিসেবে স্বীকৃতি দিতে হবে। যে সকল অনিয়মিত কর্মচারী ইতিমধ্যে শূন্য হাতে অবসরে গিয়েছেন তাদেরকে এককালীন ১০ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দিতে হবে। ইত্যাদি দাবিগুলোকে সামনে রেখে শুক্রবার আগরতলায় এক মিছিল এবং মহাকরণ অভিযান করল ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ।
এদিন তাদের এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন বিশিষ্ট আইনজীবী এবং মানবাধিকার কর্মী পুরুষোত্তম রায় বর্মণ। রাজধানীর আগরতলা প্রেসক্লাবের সামনে থেকে তাদের এই মিছিল শুরু হয়। মিছিল শুরুর আগে পুরুষোত্তম রায় বর্মণ তাদের দাবির বিষয়ে সংবাদ মাধ্যমকে বলেন। তারপর শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে সংগঠনের সদস্য সদস্যরা। সবশেষে মহাকরণে গিয়ে প্রতিনিধি দল মুখ্য সচিবের কাছে তাদের দাবি সনদ তুলে দেয়।
