রাবার চাষীদের সরকারি সাহায্য চাইল ত্রিপুরা রাবার উৎপাদক সমিতি
আগরতলা, ৫ জুলাই : প্রাকৃতিক রাবারের মূল্য কম হয়ে যাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ত্রিপুরার রাবার চাষীরা। এই পরিস্থিতিতে রাজ্যের রাবার চাষীদের সহায়তা করার জন্য সরব হয়েছে সারা ভারত কৃষক সভার অন্তর্গত ত্রিপুরা রাবার উৎপাদক সমিতি।
রাজ্যের রাবার চাষীদের স্বার্থে ১০ দফা দাবিকে সামনে রেখে শনিবার ত্রিপুরা রাবার উৎপাদক সমিতির তরফে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সমিতির দাবিগুলি হল, রাজ্যের রাবার চাষীদের নতুন বাগান করার ক্ষেত্রে বর্তমানে বিনামূল্যে চারা দেওয়ার পাশাপাশি হেক্টর প্রতি ৫০ হাজার টাকা পরিচর্যা বাবদ ভতুর্কির ব্যবস্থা করা। রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি রাবার চাষীদের সুবিধার্থে রাবার বোর্ড কর্তৃক ওয়েব সাইটে প্রদত্ত দামে রাবার ক্রয় করার বন্দোবস্ত করতে হবে। রাবার বাগানের বীমা পুনরায় চালু করতে হবে। রাবার বোর্ডের মাধ্যমে রাবার চাষীদের প্রয়োজনীয় সার ভতুর্কিতে সরবরাহ করতে হবে। রাবার চাষীদেরকে রাবার প্ল্যান্টেশন সার্টিকেট বিনামূল্যে প্রদান করা। গরীব ও মাঝারি চাষীদের রুলার মেসিন এবং ধোয়া ঘর তৈরীতে ৫০ শতাংশ ভতুর্কি দিতে হবে ইত্যাদি।
এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য সম্পাদক পবিত্র কর সহ ত্রিপুরা রাবার উৎপাদক সমিতির অন্যান্য নেতৃত্ব।
