৪১ মাইলে ৪৪ লক্ষ টাকার গাঁজা উদ্ধার, গ্রেফতার গাড়ি চালক
তেলিয়ামুড়া, ১৪ জুলাই : ৪৪ লক্ষ টাকার গাঁজা উদ্ধার করা হয়েছে। সাথে গ্রেফতার করা হয়েছে গাড়ি চালককে। ঘটনা সোমবার মুঙ্গিয়াকামি থানার অধীন অসম-আগরতলা জাতীয় সড়কের ৪১ মাইল এলাকায়।
ফের গাঁজা উদ্ধারে সাফল্য পেল খোয়াই জেলার মুঙ্গিয়াকামি থানার পুলিশ। সোমবার মুঙ্গিয়াকামি থানা পরিচালিত ৪১ মাইল নাকা পয়েন্টে তল্লাশি চলাকালীন পুলিশ এইচআর৩৯ডি০৫২২ নম্বরের একটি কনটেইনার গাড়িতে তল্লাশি চালিয়ে গাঁজার গন্ধ অনুভব করতে পারে। যথারীতি গাড়ির চালক রাজকুমার রায়কে আটক করে গাড়িটিতে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশিতে ২৯ টি প্যাকেটে ২০৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত গাঁজাগুলির কালোবাজারি মূল্য আনুমানিক ৪৪ লক্ষ টাকা হবে বলে জানান তেলিয়ামুড়া মহকুমা পুলিশ অধিকারক পান্নালাল সেন। সূত্রের খবর রাজ্য থেকে বহিঃরাজ্যে পাচারের জন্য গাঁজাগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। মহকুমা পুলিশ অধিকারিক জানিয়েছেন, এই ঘটনায় এনডিপিএস আইনে একটি মামলা লিপিবদ্ধ করা হয়েছে এবং গাড়ি চালক রাজকুমার রায়কেও গ্রেফতার করা হয়েছে।
