লালবাহাদুর চৌমুহনীতে বেসরকারি সংস্থার অফিসে চোরের হানা
আগরতলা, ২১ জুলাই : ফের শহরের প্রাণকেন্দ্রে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও কোন কিছু নিয়ে যেতে পারেনি চোর। ঘটনায় লালবাহাদুর ক্লাব এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
জানা গিয়েছে, আগরতলা শহরের লালবাহাদুর ক্লাব সংলগ্ন এলাকায় প্রাক্তন বিজেপি সভাপতি প্রয়াত ব্রজেশ চক্রবর্তীর বাড়িতে একটি অফিস চালানো হয়। এই বাড়িতে কেউই থাকেন না। প্রয়াত ব্রজেশ চক্রবর্তীর স্ত্রী গায়েত্রী চক্রবর্তী কলকাতায় থাকেন। শুধু বাড়িতে সরকারি স্কিম নিয়ে কাজ করা একটি সংস্থা ঘর ভাড়া নিয়ে তাদের অফিস পরিচালনা করছে। প্রতিদিনের মত শনিবারও কর্মকর্তারা অফিস ঘর তালা দিয়ে বাড়িতে চলে যান। রবিবার ছুটির দিন থাকায় কেউই অফিসে আসেননি।
সোমবার সকালে এসে দেখতে পান, ঘরের একটি জানলা ভাঙ্গা, ঘরের ভেতরে থাকা বিভিন্ন জিনিস উলটপালট করে গেছে চোরের দল। তবে কোন মূল্যবান সামগ্রী না থাকায় কিছুই চুরি করতে পারেনি চোরের দল। পরে ওই সংস্থার কর্মকর্তারা বিষয়টি পুলিশকে জানিয়েছেন। শহরের প্রাণকেন্দ্রে চোরের দৌরাত্ম্যে জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
