ধর্মনগরে ছাত্রীনিবাসের উদ্বোধন করলেন মন্ত্রী টিংকু
ধর্মনগর, ২৮ নভেম্বর : কন্যা শিক্ষার প্রসার ও সুরক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে শুক্রবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের সোনারবাসায় অশোক সিংহল সেবা প্রকল্পের আওতায় নবনির্মিত ছাত্রীনিবাসের উদ্বোধন করেন রাজ্যের সমাজকল্যাণ ও সামাজিক শিক্ষামন্ত্রী টিংকু রায়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিংকু রায় জানান, বিশ্ব হিন্দু পরিষদ দ্বারা অনুপ্রাণিত এই উদ্যোগ সাধক রত্নমণি সেবা সদনের মানবিক প্রচেষ্টার ফল। এই প্রকল্প উত্তর ত্রিপুরার কন্যা শিক্ষার ভিত্তি আরও শক্তিশালী করবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, আধুনিক সুবিধাসম্পন্ন এই ছাত্রীনিবাস কেবল নিরাপদ আবাসনই দেবে না, বরং মেয়েদের আত্মবিশ্বাস, মর্যাদা ও ক্ষমতায়ন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমাজকল্যাণের লক্ষ্যে এটি এক বড় পদক্ষেপ বলেও তিনি মন্তব্য করেন।
টিংকু রায় আরও জানান, সামাজিক সংগঠন ও সরকারের সম্মিলিত উদ্যোগে সোনারবাসায় এই ছাত্রীনিবাস নির্মাণ সম্প্রদায়-ভিত্তিক উন্নয়নের এক নতুন মাইলফলক স্থাপন করেছে। এর ফলে আগামী দিনে ত্রিপুরার মেয়েদের সামগ্রিক উন্নয়ন ও সুরক্ষার পথ আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
