স্বাধীনতার পর প্রথমবার উন্নয়নের ছোঁয়া, কাঁকড়াবনে শুরু ১২ কিলোমিটার রাস্তা নির্মাণ
উদয়পুর, ২২ জানুয়ারি : গোমতী জেলার উদয়পুর মহকুমার কাঁকড়াবন বিধানসভা এলাকার ধূপতলী যাত্রী শেড থেকে কুকিবাড়ি শামুকছড়া পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ রাস্তার নির্মাণকাজ শুরু হয়েছে। স্বাধীনতার পর এই প্রথম রাজ্যের পূর্ত দফতর এই প্রত্যন্ত এলাকার উন্নয়নে হাত লাগাল বলে জানিয়েছেন স্থানীয়রা।
দীর্ঘ বছর ধরে একাধিক সরকার ও জনপ্রতিনিধি পরিবর্তন হলেও এই এলাকার রাস্তা নির্মাণে কোনও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তবে ২০১৮ সালে রাজ্যে সরকার পরিবর্তনের পর সামগ্রিক উন্নয়নের পাশাপাশি এই এলাকায়ও অবশেষে রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। কাঁকড়াবন পূর্ত দফতরের তত্ত্বাবধানে ঠিকাদারের মাধ্যমে কাজ শুরু হয়েছে।
পূর্ত দফতরের এসডিও পার্থ প্রতিম দেবনাথ জানান, প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে আধুনিক পীচ রাস্তা নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই রাস্তা এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাবে।
এলাকার কৃষক অশ্বিনী ত্রিপুরা জানান, প্রায় চার হাজার মানুষের বসবাস এই অঞ্চলে এবং দেড়শোর বেশি ছাত্রছাত্রী রয়েছে। রাস্তার অভাবে বর্ষাকালে জল জমে যেত, ফলে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে যেতে পারত না। রোগীদের হাসপাতালে পৌঁছানো ছিল অত্যন্ত কষ্টসাধ্য। পাশাপাশি কৃষকরা উৎপাদিত ফসল বাজারে নিয়ে যেতে না পারায় ন্যায্য মূল্য থেকেও বঞ্চিত হতেন।
নতুন রাস্তা নির্মাণের ফলে কৃষিজ পণ্য সরাসরি বাজারে পৌঁছানো সম্ভব হবে এবং কৃষকরা ন্যায্য দাম পাবেন বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা। পাশাপাশি চওড়া পীচ রাস্তা তৈরি হওয়ায় এলাকার জমির মূল্যও বৃদ্ধি পাবে বলে মত তাঁদের।
সব মিলিয়ে এই রাস্তা নির্মাণে গ্রামাঞ্চলের মানুষের জীবনযাত্রায় আমূল পরিবর্তন আসবে বলে মনে করছেন শুভবুদ্ধিসম্পন্ন মানুষ। এলাকার জনগণ এই উদ্যোগের জন্য কাঁকড়াবন পূর্ত দফতরের এসডিও পার্থ প্রতিম দেবনাথের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তাঁদের মতে, তাঁর বিশেষ উদ্যোগ ও তৎপরতার ফলেই বহু প্রতীক্ষিত এই রাস্তা নির্মাণ সম্ভব হয়েছে।
