দৃষ্টিহীনদের দাবি নিয়ে শিক্ষা ভবনে অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের ডেপুটেশন
আগরতলা, ৩১ জানুয়ারি : ত্রিপুরার দৃষ্টিহীন নাগরিকরা দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত বলে অভিযোগ উঠেছে। দৃষ্টিহীনদের স্বার্থে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে শনিবার অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শিক্ষা ভবনে একটি ডেপুটেশন প্রদান করা হয়।
সংগঠনের একটি প্রতিনিধি দল প্রাথমিক শিক্ষা বিভাগের যুগ্ম অধিকর্তা লিজা বর্ধনের কাছে ডেপুটেশন জমা দিয়ে মোট সাত দফা দাবি উত্থাপন করে। এর মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলি হল— দৃষ্টিহীন শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের জন্য সিলেবাস অনুযায়ী ব্রেইল বই ও ব্রেইল প্রশ্নপত্রের ব্যবস্থা করা এবং সক্ষম ব্যক্তিদের অধিকার আইন অনুযায়ী চার শতাংশ সংরক্ষণ প্রথা অবিলম্বে কার্যকর করা।
এছাড়াও প্রতিনিধি দল দাবি জানায়, সক্ষম অধিকার আইন অনুসারে রাজ্যের প্রতিটি দফতরে প্রতিবন্ধী ব্যক্তিদের সমস্যা শোনার জন্য একজন করে দায়িত্বপ্রাপ্ত অফিসার নিয়োগ করা হোক।
ডেপুটেশন প্রদান শেষে সংগঠনের সাধারণ সম্পাদক মিঠুন সাহা অভিযোগ করে বলেন, বর্তমানে সরকার সক্ষম ব্যক্তিদের অধিকার আইন অনুযায়ী চার শতাংশ সংরক্ষণ প্রথা মানছে না। এই বিষয়টি অবিলম্বে কার্যকর করার জন্য তাঁরা জোর দাবি জানান।
ডেপুটেশন গ্রহণ করে প্রাথমিক শিক্ষা বিভাগের যুগ্ম অধিকর্তা লিজা বর্ধন প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন যে, উত্থাপিত বিষয়গুলি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
