iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

বিশালগড়ে গভীর রাতে পুলিশের হানা, চার বস্তা গাঁজাসহ মহিলা গ্রেফতার

বিশালগড়, ১ ফেব্রুয়ারি : গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সিপাহীজলা জেলার মধুপুর থানার ওসি দেবজিত চ্যাটার্জির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী শনিবার গভীর রাতে বিশালগড়ের হরিহরদুলা উত্তরপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে পিন্টু দে-এর বাড়িতে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় পিন্টু দে-এর এক সহযোগী, প্রায় ৭০ বছর বয়সী এক মহিলা রত্না দাস (কাল্পনিক নাম) একটি গাঁজার বস্তা নিয়ে পালানোর চেষ্টা করেন। তবে পুলিশের তৎপরতায় বস্তা টানার শব্দ শুনে পুলিশ তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। তার কাছ থেকে একটি বস্তাভর্তি গাঁজা উদ্ধার করা হয়।

পরবর্তীতে ওই বাড়িতে আরও তল্লাশি চালিয়ে পুলিশ তিন বস্তা শুকনো গাঁজা উদ্ধার করে। উদ্ধার হওয়া মোট চার বস্তা গাঁজার আনুমানিক কালোবাজারি মূল্য দুই লক্ষ টাকার বেশি বলে পুলিশ সূত্রে জানা গেছে। অভিযানের সময় বাড়ির মালিক পিন্টু দে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় পুলিশ রত্না দাসকে গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে মধুপুর থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে এবং পলাতক অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।

এদিকে, একই সময়ে হরিহরদুলা উত্তরপাড়া এলাকায় অন্য একটি স্থানে অভিযান চালিয়ে পুলিশ প্রায় ১০ লক্ষ টাকারও বেশি মূল্যের দামী শাড়ি উদ্ধার করতে সক্ষম হয়েছে। এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *