কেন্দ্রীয় বাজেট সরাসরি দেখার আয়োজন বিজেপি-এর বড়দোয়ালি মণ্ডলে
আগরতলা, ১ ফেব্রুয়ারি : রবিবার সংসদে বাজেট ২০২৬–২৭ পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ এই বাজেট অধিবেশন সরাসরি দেখার জন্য আগরতলায় বিজেপি বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে বিশেষ আয়োজন করা হয়।
এদিন বটতলা শিব মন্দির সংলগ্ন এলাকায় বিজেপি বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভাস্থলে বড় পর্দার মাধ্যমে সংসদের বাজেট অধিবেশন সরাসরি সম্প্রচার করা হয়, যা মণ্ডলের সভাপতি শ্যামল কুমার দেব সহ অন্যান্য পদাধিকারী, দলীয় নেতা ও কর্মীরা একসঙ্গে বসে প্রত্যক্ষ করেন।
বাজেট পেশের পর আলোচনাসভায় বক্তব্য রাখতে গিয়ে শ্যামল কুমার দেব বলেন, কেন্দ্রীয় বাজেট ২০২৬–২৭ সাধারণ মানুষের স্বার্থকে গুরুত্ব দিয়ে প্রণয়ন করা হয়েছে। তাঁর মতে, এই বাজেটে কৃষক, শ্রমজীবী মানুষ, যুব সমাজ ও মহিলাদের উন্নয়নের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
তিনি আশা ব্যক্ত করেন যে, এই বাজেট রাজ্য সহ সমগ্র দেশের উন্নয়ন প্রক্রিয়াকে আরও গতিশীল করবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে। প্রতি বছরের মতো এবছরের বাজেটও দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি মত প্রকাশ করেন।
