iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

কুড়ি টাকা চুরির অভিযোগে শিশুকন্যাকে বেঁধে নির্যাতন, গ্রেফতার ৩ মহিলা

আগরতলা, ৭ ফেব্রুয়ারি : মাত্র কুড়ি টাকা চুরির অভিযোগ তুলে ছয় বছরের শিশু কন্যাকে হাত-পা বেঁধে অমানুষিক নির্যাতনের অভিযোগে তিন মহিলাকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানার পুলিশ। শনিবার ধৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

ঘটনাটি রাজধানীর এয়ারপোর্ট থানাধীন ভাগলপুর এলাকায়। সম্প্রতি সামাজিক মাধ্যমে এক শিশুকে হাত-পা বেঁধে মাটিতে ফেলে রাখার একটি ছবি ভাইরাল হলে বিষয়টি সামনে আসে। এরপরই এয়ারপোর্ট থানার পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে চাইল্ড লাইনের পক্ষ থেকেও এলাকা পরিদর্শন করা হয় এবং থানায় একটি মামলা দায়ের করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটির মা নেই এবং বাবা কাজে বেরিয়ে গেলে সে বাড়িতে একাই থাকত। আশপাশের বাড়িতে খেলতে যেত এবং পরে নিজের বাড়িতে ফিরে আসত। অভিযোগ, পাশের একটি বাড়ি থেকে কুড়ি টাকা নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তিন মহিলা শিশুটিকে হাত-পা বেঁধে মাটিতে ফেলে রেখে নির্যাতন চালায়।

মামলা নিয়ে শুক্রবার ভাগলপুর এলাকা থেকে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন মহিলাকে গ্রেফতার করে পুলিশ। শনিবার এক মহকুমা স্তরের পুলিশ আধিকারিক জানান, অভিযুক্তদের আদালতে পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, কোনও শিশু ভুল করলে আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়; প্রয়োজনে আইনগত পথেই ব্যবস্থা নেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এদিকে এই ঘটনায় ধৃতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন মহলে ক্ষোভ ছড়িয়েছে। সামাজিক মাধ্যমেও প্রতিবাদের সুর জোরালো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *