এটেনডেন্সে সই করে বিদ্যালয় থেকে উধাও! বিলোনিয়া বিদ্যাপীঠের জীববিজ্ঞান শিক্ষককে ঘিরে চাঞ্চল্য
বিলোনিয়া, ১৩ ফেব্রুয়ারি : বিদ্যালয়ে উপস্থিতির খাতায় স্বাক্ষর করেও নিয়মিতভাবে স্কুল চত্বর ছেড়ে চলে যাওয়ার অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া বিদ্যাপীঠ এইচএস স্কুলে। অভিযুক্ত শিক্ষক জীবন দেবনাথ, যিনি ওই বিদ্যালয়ের জীববিজ্ঞান বিষয়ের শিক্ষক।
অভিযোগ, প্রতিদিনের মতো বিদ্যালয়ে এসে এটেনডেন্স খাতায় স্বাক্ষর করার পর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনুমতি ছাড়াই স্কুল থেকে বেরিয়ে যান তিনি। বিষয়টি সামনে আসে শুক্রবার, যখন বিদ্যালয় পরিদর্শনে যান ডিডিও স্বরূপ সাহা। আয়কর সংক্রান্ত নথিতে স্বাক্ষর যাচাইয়ের উদ্দেশ্যে তিনি বিদ্যালয়ে গিয়ে শিক্ষকদের উপস্থিতি খতিয়ে দেখতে বলেন।
বিদ্যালয়ের এটেনডেন্স খাতায় যাঁরা স্বাক্ষর করেছিলেন, তাঁদের অধিকাংশকেই স্কুলে উপস্থিত অবস্থায় পাওয়া গেলেও একমাত্র শিক্ষক জীবন দেবনাথকে বিদ্যালয় চত্বরে খুঁজে পাওয়া যায়নি। পরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে তাঁর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার নির্দেশ দেন ডিডিও। কিন্তু একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি বলে জানান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, এ ধরনের ঘটনা নাকি নতুন নয়। অভিযোগ, সংশ্লিষ্ট শিক্ষক প্রায়ই ক্লাস না করেই স্কুল ত্যাগ করেন। এমনকি বিদ্যালয়ের বাইরে ব্যক্তিগতভাবে পড়ানো বা ‘বিদ্যা ব্যবসা’র অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। ফলে শিক্ষার্থীদের পাঠদানে ব্যাঘাত ঘটছে বলে দাবি অভিভাবক ও শিক্ষকদের একাংশের।
এটেনডেন্স খাতায় স্বাক্ষর থাকা সত্ত্বেও ডিডিও-এর উপস্থিতিতে শিক্ষককে বিদ্যালয়ে না পাওয়ায় বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার জেরে ছাত্রছাত্রী ও শিক্ষকমহলে প্রশ্ন উঠেছে— কেন তিনি নিয়ম ভেঙে এভাবে স্কুল ফাঁকি দিচ্ছেন।
