iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
Tripura

বিলোনিয়ায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, আশ্রয়হীন দিনমজুর পরিবার

বিলোনিয়া, ১৮ ফেব্রুয়ারি : দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া সুকান্ত নগর পঞ্চায়েত এলাকায় এক বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় মাথা গোঁজার একমাত্র ঠাঁই হারিয়ে পথে বসেছেন দিনমজুর গোপাল মজুমদার। আগুনে তাঁর একমাত্র বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যাওয়ায় স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে পরিবারটির।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করেই গোপাল মজুমদারের বাড়িতে আগুন লাগে। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। অগ্নিকাণ্ডের কারণ বিদ্যুতের শর্ট সার্কিট নাকি নাশকতা—তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। খবর পেয়ে বিলোনিয়া দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হলেও ভাঙাচোরা রাস্তার কারণে বাড়ির সামনে পর্যন্ত পৌঁছাতে পারেননি। এলাকাবাসীর অভিযোগ, দমকল দফতরে পর্যাপ্ত আধুনিক সরঞ্জাম না থাকায় কার্যত লাঠি ও প্রাথমিক উপায়ে আগুন নেভানোর চেষ্টা চালানো হয়। ফলে শেষ পর্যন্ত বসতঘরটি রক্ষা করা সম্ভব হয়নি।

এলাকাবাসীর দাবি, খারাপ রাস্তা ও দফতরের অব্যবস্থাপনাই ক্ষয়ক্ষতির অন্যতম কারণ। জরুরি মুহূর্তে দমকল বাহিনীর কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে বলেও তারা জানিয়েছেন।

ঘটনার খবর পেয়ে বুধবার সকালে বিলোনিয়ার বিধায়ক দীপঙ্কর সেন এক প্রতিনিধি দল নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে যান এবং গোপাল মজুমদার ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি মণ্ডল সভাপতি ও পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাসও সেখানে উপস্থিত হয়ে পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন এবং প্রয়োজনীয় সরকারি সহায়তার বিষয়ে সংশ্লিষ্ট দফতরের সঙ্গে যোগাযোগ করার কথা জানান।

বর্তমানে আশ্রয়হীন গোপাল মজুমদার পরিবার নিয়ে কোথায় থাকবেন তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন স্থানীয় বাসিন্দারাও। ক্ষতিগ্রস্ত পরিবারকে দ্রুত সরকারি সহায়তা প্রদানের দাবি উঠেছে এলাকাজুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *